দেশের খবর
২০১২ থেকে চলা লড়াইয়ে জয়! নেদারল্যান্ডস থেকে দেশে ফিরছে চোল যুগের তাম্রলিপি
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেদারল্যান্ডস (Netherlands) সফরে ভারতের ঝুলিতে এল বড় ঐতিহাসিক ও কূটনৈতিক সাফল্য। ডাচ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে তুলে দিল এক হাজার বছরেরও বেশি পুরনো চোল যুগের (Chola Era) ‘আনাইমঙ্গলম কপার প্লেটস’ (Anaimangalam Copper Plates) বা ঐতিহাসিক তাম্রলিপি। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় নেদারল্যান্ডসের লাইডেন বিশ্ববিদ্যালয়ে (Leiden University) সংরক্ষিত ছিল এই অমূল্য প্রত্নসম্পদ।
A joyous moment for every Indian!
Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten.
The Chola Copper Plates are a set of 21 large plates… pic.twitter.com/Zwu0QFc2ZJ
— Narendra Modi (@narendramodi) May 16, 2026
‘লাইডেন প্লেটস’ (Leiden Plates) নামেও পরিচিত এই তাম্রলিপিগুলি চোল সাম্রাজ্যের শক্তিশালী সম্রাট প্রথম রাজরাজা চোলের আমলের বলে ইতিহাসবিদদের ধারণা। তাঁর শাসনকাল ছিল ৯৮৫ থেকে ১০১৪ খ্রিস্টাব্দ। বিশেষজ্ঞদের মতে, বিদেশে সংরক্ষিত চোল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ শিলালিপি এটি, যা তামিল ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য দলিল।
এই তাম্রলিপিতে নাগাপট্টিনমের বিখ্যাত ‘চূড়ামণি বিহার’ (Churamani Vihara)-এর জন্য ভূমি, রাজস্ব ও কর দানের বিস্তারিত উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী শ্রীবিজয় সাম্রাজ্যের শাসক শ্রী মারা বিজয়তুঙ্গা বর্মণ এই বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন। ফলে এই শিলালিপি দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে তৎকালীন ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামুদ্রিক বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
ঐতিহাসিকদের দাবি, প্রায় ৩০ কেজি ওজনের এই সংগ্রহে রয়েছে ২১টি বড় ও ৩টি ছোট তাম্রফলক, যা ব্রোঞ্জের আংটি ও চোল রাজমোহর দিয়ে বাঁধা। ভারত সরকার, ডাচ সরকার এবং লাইডেন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর অবশেষে এই ঐতিহাসিক সম্পদ ভারতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার নয়, আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক সক্ষমতারও বড় প্রমাণ।


