ভাইরাল খবর
দিল্লিতে উত্তাল পরিস্থিতি! বঙ্গ ভবন ঘিরে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা মমতার
ডিজিটাল ডেস্কঃ রবিবার বিকেলে দিল্লিতে (Delhi) পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ অর্থাৎ, সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক পরিবেশ। চাণক্যপুরীর বঙ্গ ভবন (Banga Bhavan) ঘিরে ফেলে দিল্লি পুলিশ (Delhi Police)। অভিযোগ ওঠে, ভবনের ঘরে ঘরে তল্লাশি (search) চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে নিজের বাসভবন থেকে ‘এক কাপড়ে’ বেরিয়ে সোজা বঙ্গ ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন বঙ্গ ভবনে আশ্রয় নিয়েছেন এসআইআর (SIR) আতঙ্কে স্বজনহারানো পরিবারের সদস্যরা। সেই কারণেই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “ওরা ঘরে ঢুকে খুঁজে দেখছে কে কে এসেছে। এটা করার অধিকার ওদের নেই। এটা আমাদের জায়গা।”
মুখ্যমন্ত্রীর দাবি, এসআইআর সংক্রান্ত অভিযোগ জানাতে এই পরিবারগুলি দিল্লিতে এসেছে। তিনি বলেন, “নির্বাচন কমিশন (Election Commission), সুপ্রিম কোর্ট (Supreme Court)—সব জায়গাতেই আমরা অভিযোগ জানাতে পারি। কিন্তু এইভাবে ভয় দেখানো হলে আমরাও চুপ থাকব না।”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বলেন, “আপনি বাংলায় গেলে আমরা রেড কার্পেট (Red Carpet) পেতে দিই। আর আমরা দিল্লিতে এলে ব্ল্যাক কার্পেট (Black Carpet)? মাসল পাওয়ার দেখাবেন না।”
বঙ্গ ভবনে পৌঁছে পুলিশের সঙ্গে বচসায় জড়ান মুখ্যমন্ত্রী। দাবি করেন, মৃতদের পরিবার বিচার চাইতেই এসেছে, কোনও অশান্তি করতে নয়। পরে তিনি স্বজনহারাদের সঙ্গে দেখা করে আশ্বাস দেন—“চিন্তা করবেন না, আমি আছি।”
অন্যদিকে বিজেপির দাবি, পুলিশের এই পদক্ষেপ আইনশৃঙ্খলা (law and order) রক্ষার স্বার্থেই। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, “বঙ্গ ভবন দিল্লির বাইরে নয়। পুলিশ তাদের কর্তব্য পালন করছে।”
এই ঘটনাকে ঘিরে দিল্লির রাজপথে যেমন উত্তেজনা, তেমনই রাজনৈতিক তরজাও ক্রমশ তীব্র হচ্ছে।
