রাজনীতি
সল্টলেকে গুলি! প্রাণে বাঁচলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্ত
ডিজিটাল ডেস্কঃ সল্টলেকে (Salt Lake) সাতসকালে গুলির (Shooting) ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার। প্রাক্তন তৃণমূল (Trinamool) কাউন্সিলর নির্মল দত্তকে লক্ষ্য করে চলল গুলি। অভিযোগ, ওয়ার্ড অফিসে (Ward Office) পুরকর্মীদের কাজ তদারকি করার সময় আচমকা দুই যুবক এসে সামনে থেকেই গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পান তিনি।
ঘটনার পর নির্মলবাবু এক দুষ্কৃতীকে ধরে ফেললে, তাঁকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে সেই সুযোগে চম্পট দেয় হামলাকারীরা। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-Divisional Hospital) ভর্তি করান।
এদিনের ঘটনায় নির্মল দত্ত জানান, “প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল, ফলে কাউকে চিনতে পারিনি।” তিনি আরও দাবি করেছেন, “এক বছর আগে আমাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, তখনও থানায় অভিযোগ জানানো হয়েছিল।”
এই মুহূর্তে নির্মল দত্তের স্ত্রী আলো দত্ত ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার (Bidhannagar South Police Station) পুলিশ। এলাকায় থাকা সমস্ত সিসি ক্যামেরার (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
ঘটনাটি ঘটেছে সল্টলেকের ৩৮ নম্বর ওয়ার্ডে (Ward 38, Salt Lake)। আতঙ্ক ছড়ালেও নির্মলবাবুর সাহসিকতা নজর কাড়ে, কারণ গুলির মুখে পড়েও তিনি আতঙ্কিত না হয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন।
তবে ঠিক কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। নির্মলবাবু ও তাঁর পরিবার এই ঘটনায় আতঙ্কিত বলে জানা গেছে।


