উত্তরবঙ্গ
বড়সড় সাফল্য রেল পুলিশের, পাচারকারীদের কবল থেকে উদ্ধার ৩ নাবালিকা
ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ জুড়ে ফের ডালপালা মেলছে নারী পাচার (Woman Trafficking) চক্র। পুলিশি ধরপাকড়ের কারণে কিছুদিন এই কারবার বন্ধ থাকলেও, নজরদারি কমতেই পুনরায় সক্রিয় হয়ে উঠেছে চক্রটি। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে এক ঝটিকা অভিযান (Raid) চালায় শিলিগুড়ি রেল পুলিশ সুপারের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। সেখান থেকে তিন নাবালিকাকে উদ্ধার করার পাশাপাশি তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম পালবীর সাংমা, মিঠুন সাংমা ও গোপী মারাক। ধৃতদের মধ্যে প্রথম দুজনের বাড়ি কালচিনিতে এবং তৃতীয় জন অসমের কোকরাঝাড়ের বাসিন্দা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের (Police Custody) নির্দেশ দেন। উদ্ধার হওয়া নাবালিকাদের মধ্যে দুজন অসমের এবং একজন কালচিনির বাসিন্দা। তাদের মুম্বইয়ে কাজের প্রলোভন (Allure) দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ।
রেল পুলিশ সুপার কুনওয়ার ভূষণ সিং জানান, গোপন খবরের ভিত্তিতে স্টেশনে ফাঁদ পেতে এই পাচারকারীদের ধরা হয়েছে। এর আগেও এনজেপি ও শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে বহু মানুষকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে উদ্ধার হওয়া নাবালিকাদের শারীরিক পরীক্ষা (Medical Examination) করিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সহযোগিতায় একটি হোমে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
