দেশের খবর
রাহুলের বিরুদ্ধে খুনের হুমকি! বিজেপি নেতার শাস্তি দাবি কংগ্রেসের
নয়াদিল্লি: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়ে তীব্র বিতর্কে জড়ালেন কেরল বিজেপির (BJP Kerala) এক মুখপাত্র। এক টেলিভিশন (Television) চ্যানেলের আলোচনা সভায় বিজেপি নেতা প্রিন্টু মহাদেব (Printu Mahadev) মন্তব্য করেন, “লাদাখে রাহুল গান্ধীর বুকে গুলি করা হবে।” এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে, কংগ্রেসের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল (K C Venugopal)। তিনি চিঠিতে অভিযোগ করেছেন, এই মন্তব্য নিছক মুখ ফসকে বেরোনো কোনও উক্তি নয়, বরং এটি একটি “পরিকল্পিত হত্যার হুমকি”।
প্রিন্টু মহাদেব আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) নেতা ছিলেন। বর্তমানে কেরল বিজেপির একজন অন্যতম মুখপাত্র। কয়েকদিন আগে তিনি একটি প্রাইমটাইম টেলিভিশন আলোচনায় অংশ নেন, যেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে কথাবার্তা চলাকালীন রাহুল গান্ধীকে গুলি করার হুমকি দেন।
চিঠিতে বেণুগোপাল লিখেছেন, এই মন্তব্য শুধু রাহুল গান্ধীর জীবনের ঝুঁকি তৈরি করছে না, এটি দেশের সংবিধান (Constitution), আইনের শাসন (Rule of Law) এবং নাগরিকদের নিরাপত্তাকেও প্রশ্নের মুখে ফেলছে।
তিনি আরও অভিযোগ করেন, সামাজিক মাধ্যমেও (Social Media) নিয়মিত রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের (CRPF) একটি গোপন চিঠি সংবাদমাধ্যমে ফাঁস হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। কংগ্রেসের দাবি, সেই চিঠি কীভাবে ফাঁস হল, তারও তদন্ত হওয়া প্রয়োজন।
শেষমেশ বেণুগোপালের কটাক্ষ— যদি এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তবে তা ধরে নিতে হবে যে, বিরোধী নেতা রাহুল গান্ধীর প্রতি হিংসা এবং ঘৃণাকে ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে মেনে নিচ্ছে সরকার।
