ডিজিটাল ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভেঙে আরজি কর (RG Kar) ইস্যুতে প্রকাশ্যে মতপ্রকাশ করেছিলেন তিনি। সেই থেকেই শুরু হয় রাজনৈতিক দূরত্ব। এবার চিকিৎসক হিসেবেও বড় ধাক্কা খেলেন তৃণমূল (TMC) থেকে সাসপেন্ড হওয়া রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন (Shantanu Sen)। ভুয়ো ডিগ্রি ব্যবহার করার অভিযোগে তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (WBMC)। এই সিদ্ধান্তের ফলে অন্তত আগামী ২৪ মাস তিনি আর কোনও চিকিৎসা করতে পারবেন না।
অভিযোগ ছিল, শান্তনুবাবু কাউন্সিলের অনুমতি ছাড়াই নিজের নামের পাশে FRCP (Fellow of the Royal College of Physicians) ডিগ্রি ব্যবহার করছেন। এই অভিযোগ তদন্ত করে ‘দোষী’ হিসেবে চিহ্নিত করেছে মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার চূড়ান্ত শুনানিতে উপস্থিত হন তিনি। সেখানেই ঘোষণা হয় রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত।
আরও পড়ুনঃ নিজের কেন্দ্রেই তৃণমূল কর্মীদের বিক্ষোভে আক্রান্ত মন্ত্রী সিদ্দিকুল্লা, মন্তেশ্বরে কনভয়ে ইট-বৃষ্টির হামলা
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায় (Sudipta Roy) সাংবাদিক বৈঠকে বলেন, “ওর বিরুদ্ধে বহু অভিযোগ। ওকে এলাকায় সবাই চেনে স্কোয়্যার ফিট সেন হিসেবে। ভুল প্রেসক্রিপশন দেন, তোলাবাজি করেন—এসব অভিযোগ খতিয়ে দেখেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পালটা শান্তনু সেন দাবি করেন, “আমি কোনও অপরাধ করিনি। যেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটা একটা সম্মানসূচক ডিগ্রি (Honorary Degree)। এটা ব্যবহারে কোনও বেআইনি কাজ হয়নি। বরং আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তো হাসপাতাল খুলে চাঁদাবাজি করি না।”
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজে একাধিক অরাজকতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন শান্তনু। সেই সময় দল তাঁকে সাসপেন্ড করে। এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এবার চিকিৎসক হিসেবেও বন্ধ হল তাঁর পথচলা—কমপক্ষে দু’বছরের জন্য।