রাজনীতি
কেরল-তামিলনাড়ুতে সমস্যা নেই, বাংলাতেই কেন? ভোটার তালিকা নিয়ে মমতাকে তোপ শাহের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, তামিলনাড়ু বা কেরলের মতো অবিজেপি শাসিত রাজ্যে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন সুপ্রিম কোর্টকে (Supreme Court) হস্তক্ষেপ করতে হলো? কেনই বা শীর্ষ আদালতকে এখানে জুডিশিয়াল অফিসার (Judicial Officer) নিয়োগের নির্দেশ দিতে হলো?
অমিত শাহের অভিযোগ, তৃণমূল সরকার পরিকল্পিতভাবে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের (Infiltrators) নাম ঢুকিয়ে রেখেছে। তাঁর দাবি, জেলা শাসকরাও (District Magistrates) এখানে নির্ভীকভাবে কাজ করতে পারছেন না। তথ্যের গরমিল বা লজিক্যাল ডিস্ক্রিপেন্সি (Logical Discrepancy) খাতে ঝুলে থাকা ৬০ লক্ষ নামের মধ্যে অধিকাংশ নামই সংখ্যালঘু সম্প্রদায়ের। শাহ স্পষ্ট করেন যে, প্রশাসনের নিচু তলার কর্মীরা সঠিকভাবে যাচাই না করায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, “বিজেপি ক্ষমতায় এলে শুধু ভোটার তালিকা থেকে নয়, দেশ থেকেও বেছে বেছে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বের করে দেওয়া হবে।”
সীমান্ত সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পালটা দিয়ে শাহ জানান, বিএসএফ (BSF) তখনই কাজ করতে পারবে যখন রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ (Land Acquisition) করে দেবে। তিনি দাবি করেন, এই বিষয়ে ব্যক্তিগতভাবে কথা বলা এবং স্বরাষ্ট্র সচিবকে দিয়ে চিঠি পাঠানো সত্ত্বেও রাজ্য সরকার কোনও সহযোগিতা করেনি। তবে বিজেপি ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যে এই জমি অধিগ্রহণের কাজ শেষ করে সীমান্ত সিল (Seal) করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


