ভাইরাল খবর
‘নারীবিদ্বেষী ও অভদ্র আচরণ’! কল্যাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে স্পিকারকে চিঠি কাকলির
ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরের সংঘাত এবার সরাসরি পৌঁছে গেল লোকসভার (Lok Sabha) স্পিকারের দপ্তরে। দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে মৌখিক হেনস্থা ও নারীবিদ্বেষী আচরণের অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে (Om Birla) চিঠি দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।
প্রকাশ্যে আসা ওই চিঠিতে কাকলি দাবি করেছেন, সংসদের ভিতরে তাঁকে একাধিকবার মৌখিকভাবে অপমান করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাঁর সঙ্গেই নয়, আরও বহু মহিলা সাংসদের সঙ্গেও আপত্তিকর আচরণ করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের অনুমতি চেয়ে কাকলি এই ঘটনাকে ‘নারীবিদ্বেষী আচরণ’ (Misogynistic Behaviour) বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক (Chief Whip) পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলিকে। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে কাকলির। একে একে বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ, অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের (All India Mahila Trinamool Congress) চেয়ারপার্সন পদ-সহ একাধিক দায়িত্ব থেকেও ইস্তফা দেন তিনি।
এদিকে, কাকলির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “এটা শুধুই বাজারে ভেসে থাকার চেষ্টা।” পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, যদি এমন ঘটনা ঘটেই থাকে, তাহলে এতদিন পরে অভিযোগ কেন করা হল।
রাজনৈতিক মহলের মতে, একই দলের দুই সাংসদের এই প্রকাশ্য সংঘাত তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে অস্বস্তি আরও বাড়িয়ে দিল। এখন স্পিকার এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
