ভাইরাল খবর
গাজামুখী জাহাজ থেকে বাংলাদেশের শহিদুল আলমকে তুলে নিল ইসরায়েলি বাহিনী, দিলেন ভিডিও বার্তা
ডিজিটাল ডেস্কঃ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (Freedom Flotilla Coalition) অংশ হিসেবে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া কনশেনস (Conscience) জাহাজ থেকে বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী (Photographer) ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (IDF)।
বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক (Facebook) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে জেনে নিন যে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র (United States) এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।”
তিনি ভিডিও বার্তায় আরও বলেন, “আমি আমার সকল কমরেড (Comrades) এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন যে তারা বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ (Red Zone) তথা বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করতে পারেন।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আন্তর্জাতিক একটি মানবিক মিশন, যা অবরুদ্ধ গাজা উপত্যকায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কনশেনস জাহাজের এই অভিযান ছিল সেই চেষ্টারই অংশ।


