বিনোদন
ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ ছবি— কেটি পেরি ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্কে অফিসিয়াল সিলমোহর
ডিজিটাল ডেস্কঃ অবশেষে ইনস্টাগ্রাম (Instagram) পোস্টেই নিজেদের সম্পর্ক ‘অফিসিয়াল’ করলেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) এবং মার্কিন পপ তারকা কেটি পেরি (Katy Perry)। শনিবার কেটি ইনস্টায় টোকিও (Tokyo) সফরের একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁদের একান্ত ব্যক্তিগত মুহূর্ত স্পষ্টভাবে ধরা পড়ে। একটি ছবিতে দু’জনকে ঘনিষ্ঠ রোম্যান্টিক ভঙ্গিতে দেখা যায়— গালে গাল ঠেকিয়ে তোলা সেই ফ্রেমেই যেন প্রকাশ পেল তাঁদের সম্পর্কের উষ্ণতা। ক্যাপশনে কেটি লিখেছেন, “Tokyo Times on Tour and more”।
View this post on Instagram
প্রসঙ্গত, গত জুলাইয়ে দু’জনকে একসঙ্গে নৈশভোজে (Dinner) দেখা যাওয়ার পর থেকেই প্রেমের জল্পনা জোরালো হয়। বছরদুয়েক আগে ১৮ বছরের দাম্পত্য ভেঙে স্ত্রী সোফির সঙ্গে বিচ্ছেদ হয় ট্রুডোর। তাঁদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে বহুদিনের সম্পর্কে ছিলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটি; একটি কন্যাও রয়েছে তাঁদের। চলতি বছরের জুনে কেটি–অরল্যান্ডোর বিচ্ছেদ ঘটে। ঠিক তার পরপরই জুলাইয়ে মন্ট্রিয়লের একটি রেস্তরাঁয় জাস্টিন–কেটির প্রথম ডিনারের ছবি সামনে আসে।
সম্প্রতি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida) তাঁদের সঙ্গে নৈশভোজের ছবি সোশালে শেয়ার করেন। সেখানে কেটিকে ট্রুডোর পাশে দেখা যায়। সেই ছবি ঘিরে গুঞ্জন আরও বাড়লেও তাঁরা মুখ খুলেছিলেন না। এবার কেটির ইনস্টা পোস্টে সবই স্পষ্ট— সম্পর্ক আর গোপন নয়, আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে।