বিশ্বের খবর
নেপালে ঐতিহাসিক পালাবদল! শপথের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলি
ডিজিটাল ডেস্কঃ নেপালে নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হলো অভাবনীয় রাজনৈতিক তোলপাড়। শুক্রবারই সেদেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বলেন্দ্র শাহ (Balen Shah)। আর তার একদিন কাটতে না কাটতেই শনিবার ভোরে গ্রেপ্তার হলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K.P. Sharma Oli)। তাঁর সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও (Ramesh Lekhak) তাঁদের নিজ বাড়ি থেকে হেফাজতে নিয়েছে পুলিশ।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে যে দুর্নীতি বিরোধী জেন জি আন্দোলন (Gen Z Protest) শুরু হয়েছিল, তাতে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই সময় বিক্ষোভ দমন করতে পুলিশি গুলিতে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়, যার মধ্যে ১৯ জনই ছিলেন তরুণ। তৎকালীন ওলি সরকারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা মামলা (Culpable Homicide) এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশোধ (Revenge) নয়, বরং সাধারণ মানুষকে দেওয়া ন্যায়বিচারের (Justice) প্রতিশ্রুতি পালন মাত্র।
নেপালের বিশেষ আদালতের প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশন (Inquiry Commission) ওলি এবং তদানীন্তন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের সুপারিশ করেছিল। অভিযোগে বলা হয়েছে, চোখের সামনে হিংসা দেখেও ওলি সরকার তা থামাতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাঁদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড (Imprisonment) হতে পারে। র্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বলেন্দ্র শাহের এই পদক্ষেপ নেপালের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স (Zero Tolerance) নীতি বজায় রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।


