Connect with us

আবহাওয়া

জম্মু-কাশ্মীরে ফের বিপর্যয়, কাঠুয়ায় হড়পা বানে গ্রাম ও অবকাঠামো ভেসে গেল

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ জম্মু-কাশ্মীরে ফের বিপর্যয় নেমে এল। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে কাঠুয়া (Kathua) জেলায় নামল মেঘ ভাঙা বৃষ্টি। মুহূর্তে হড়পা বানের (Flash Flood) তোড়ে তছনছ হয়ে গেল গ্রামাঞ্চলের একাংশ। এখনও পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর মিলেছে, আহতও হয়েছেন অনেকে। প্রশাসন আশঙ্কা করছে, জলের স্রোতে আরও মানুষ ভেসে যেতে পারেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টানা বৃষ্টিতে গ্রাম ভেসে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। রেললাইন ও ৪৪ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশ জলের নিচে চলে গিয়েছে। একাধিক গ্রামীণ রাস্তা ও ঘরবাড়িও ভেঙে গিয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং (Jitendra Singh), যিনি উধমপুরের সাংসদ, জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টিতে কাঠুয়ার একটি পুলিশ স্টেশন, রেলওয়ে ট্র্যাক ও জাতীয় সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনা, প্যারামিলিটারি ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) নিহতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। তিনি প্রশাসনিক কর্তাদের দ্রুত ও কার্যকরী তৎপরতার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিপর্যস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আজও কাঠুয়া ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী ও নালার ধারে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। একইসঙ্গে ধস প্রবণ এলাকা এড়িয়ে চলার সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিবৃষ্টির ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে, যার ফলে নতুন করে হড়পা বান বা ধসের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer