ভাইরাল খবর
পশ্চিমবঙ্গে কংগ্রেসের ইস্তাহার! স্নাতকোত্তর পর্যন্ত ফ্রি পড়াশোনা ও মাসে ২০০০ টাকা
ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WB Election 2026) নির্ঘণ্ট বাজতেই রণকৌশল সাজাতে শুরু করেছে জাতীয় কংগ্রেস। বুধবার কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলের নির্বাচনী ইস্তাহার (Manifesto) প্রকাশ করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সঙ্গে ছিলেন বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। তৃণমূল ও বিজেপির মেরুকরণের রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গকে একটি ‘তৃতীয় বিকল্প’ (Third alternative) উপহার দেওয়াই যে তাঁদের মূল লক্ষ্য, এদিন সেই বার্তাই স্পষ্ট করেছেন খাড়গে।
কংগ্রেসের এবারের ইস্তাহারে সবচেয়ে বড় চমক শিক্ষা ক্ষেত্রে। রাজ্যে চলমান শিক্ষা দুর্নীতির আবহে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ক্ষমতায় এলে স্নাতকোত্তর (Post-graduation) স্তর পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা (Allowance) দেওয়া হবে। বেকারত্ব ঘোচাতে এক বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ (Government vacancies) পূরণের অঙ্গীকারও করা হয়েছে।
মহিলা ভোটারদের টানতে কংগ্রেস ঘোষণা করেছে, ক্ষমতায় এলে মহিলারা রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত (Free travel) করতে পারবেন। এছাড়া আধুনিক প্রযুক্তির প্রসারে রাজ্যজুড়ে ‘এআই স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ (AI Skill Development Center) গড়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। স্বাস্থ্য ক্ষেত্রে প্রতিটি পরিবারের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা (Health insurance) এবং সাধারণ মানুষের সুরাহা দিতে মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ (Free electricity) দেওয়ার কথা বলা হয়েছে। প্রান্তিক কৃষকদের (Marginal farmers) জন্য বছরে ১৫ হাজার টাকা করে অনুদানের প্রতিশ্রুতি দিয়ে বাংলার মসনদ দখলের লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করল হাত শিবির।


