ভাইরাল খবর
প্রয়াত নেতার স্মরণেও সংঘর্ষ! তেহট্টে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) স্মরণসভাতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (Clash) রেশ থেকে রেহাই নেই। মঙ্গলবার তেহট্টে স্মরণসভার আয়োজন করা হয়েছিল প্রয়াত বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। অথচ সেই সভাই মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নিল। হাতাহাতি, বচসা থেকে শুরু করে ইটবৃষ্টি—সবই হল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে। ঘটনায় আহত অন্তত ১৫ জন তৃণমূল কর্মী।
স্থানীয় সূত্রে খবর, পাথরঘাটা ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজিত এই স্মরণসভায় নব্য তৃণমূল ও আদি তৃণমূল গোষ্ঠীর মধ্যে আচমকা তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ক্রমে একে অপরকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ পাক নাগরিক দম্পতির মৃত্যুকে ঘিরে মুম্বইয়ে চাঞ্চল্য, খুন-আত্মহত্যার সন্দেহ পুলিশের
তৃণমূলের (TMC) অন্দরের অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রয়াত নেতার শ্রদ্ধানুষ্ঠানেও কেন গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানো গেল না? যদিও এখনও পরিষ্কার নয়, কোন বিষয় থেকে এই সংঘর্ষের সূত্রপাত। বিরোধীরা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে হাতিয়ার করে তীব্র আক্রমণ করেছে। বিজেপির অভিযোগ, “তৃণমূল শুধু ক্ষমতার লড়াই বোঝে। মানুষের প্রতি দায়িত্ববোধ তাদের নেই। তাই গোষ্ঠীদ্বন্দ্বে বিধায়ক স্মরণসভাও রেহাই পায় না।”
উল্লেখ্য, গত ১৫ মে প্রয়াত হন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, তাপস সাহা একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন। ২০২1 সালের বিধানসভা নির্বাচনে তেহট্ট থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। এর আগে ২০১৬-২০২১ সালে পলাশীপাড়া কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি কয়েক কোটি টাকা তুলেছিলেন বলে সিবিআই (CBI) দাবি করেছিল। তাঁর গলায় সেই সময় ফোনে টাকা লেনদেনের কথা শোনা গিয়েছিল বলেও তদন্তকারীরা জানিয়েছিলেন। যদিও মামলার নিষ্পত্তি হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
