ভাইরাল খবর
এনুমারেশন ফর্ম বিলিতে গিয়ে আক্রান্ত বিজেপির প্রতিনিধি
ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে (Hingalganj) ফের অশান্তি। মঙ্গলবার SIR (Summary Revision of Electoral Roll) শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ, এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির (BJP) BLA-2 (Booth Level Agent) রঞ্জিত মল্লিক। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে কালিতলা (Kalitala) পঞ্চায়েতের অন্তর্গত শামশেরনগর (Shamshernagar) ২৫৩ নম্বর বুথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বুথের BLO (Booth Level Officer) সৌমিত্র মণ্ডলের সঙ্গে ফর্ম বিলির কাজে গিয়েছিলেন রঞ্জিত মল্লিক। অভিযোগ, কাজ শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু দুষ্কৃতী তাঁকে আটকায় ও বেধড়ক মারধর করে।
রঞ্জিত মল্লিকের দাবি, “আমি বিএলএ-২ হিসেবে কাজ করছিলাম। বিকেল চারটের দিকে ফর্ম বিলির (Form Distribution) জন্য ব্লো আমায় ডাকেন। কাজ শেষ করে ফেরার পথে তৃণমূলের স্থানীয় নেতা শ্যামল মণ্ডলের (Shyamal Mondal) নেতৃত্বে কয়েকজন হামলা করে। বুকে ও পেটে লাথি-চড় মেরেছে।”
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার বলেন, “রঞ্জিতকে বেধড়ক মেরেছে সাজ্জাদ গাজি, চিন্ময় মণ্ডল ও সুনীল মণ্ডল নামে তৃণমূলের লোকেরা। হাত ফুলে গেছে, ঘাড়ে আঘাত লেগেছে। এভাবে ভয় দেখিয়ে তৃণমূল (Trinamool) যদি ভাবে SIR আটকাবে, তা কোনওদিনই হবে না।”
তবে অভিযোগের বিষয়ে কালিতলা পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল জানিয়েছেন, “এমন ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানি না।”
এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের (Administration) পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।


