শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস
Connect with us

রাজ্যের খবর

শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ এপ্রিল : “দুষ্টু ছেলেরা বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”, রবিবার বরানগরের জনসভা থেকে শীতলকুচির ঘটনা নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

শেষ চার দফায় রাজ্য বিজেপির সভাপতির প্রচার বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলার আর্জিও জানানো হয়। কমিশনের কাছে রাজ্যের শাসক দলের অভিযোগ, দিলীপ ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপি নেতাদের অঙ্গুলিহেলনেই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। দিলীপের এই বক্তব্য সাধারণ ভোটারদের মনে ভয় তৈরি করবে, এমন অভিযোগ তুলেছে তৃণমূল। কমিশনকে দেওয়া চিঠিতেও তা উল্লেখ করা হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে তৃণমূল দাবি করেছে, ‘‌শীতলকুচিতে নৃশংস, ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি বাকি ৪ দফার নির্বাচনে একইরকম ‘‌হিংসা’‌ অব্যাহত রাখার বার্তা দিচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ স্পষ্ট দাবি কর‌ছেন যে কেউ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কোনও কথা বললে তার পরিণতি হবে শীতলকুচির মৃত তৃণমূল কর্মীদের মতো। ভোটারদের হুমকি দিচ্ছেন দিলীপ ঘোষ। যদিও এ প্রসঙ্গে নির্বাচন কমিশন এখনও কিছু জানাননি।প্রসঙ্গত, রবিবার আমজনতাকে ভোট দেওয়ার আবেদন জানাতে গিয়ে প্রকাশ্য জনসভায় দিলীপ ঘোষ বলেন, “আপনারা সকাল সকাল গিয়ে লাইন দিয়ে ভোট দিন। কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবেই। কেউ গায়ের জোর দেখালে তো আমরা আছিই। আর বাড়াবাড়ি করলে দেখেছেন তো শীতলকুচিতে কী হল, ওরকম জায়গায়-জায়গায় শীতলকুচি হবে।” বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যের থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।