রাজনীতি
“কোনও ভারতীয়ই বহিরাগত নন।”, প্রধানমন্ত্রীর বক্তব্যের বুমেরাং সাংসদ মহুয়া মৈত্র-র
নিউজ ডেস্ক , ২৫ মার্চ : দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে পাখির চোখ করে ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে শাসক বিরোধী সকলে। রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীরা একে একে রাজ্যে এসে জনসভা করছেন।
বিজেপি যেমন তৃণমূল সরকারকে বিঁধতে ছাড়ছে না।তেমনই বহিরাগত প্রশ্নে মোদি বাহিনীকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কোনও ভারতীয়ই বহিরাগত নন। সকলেই ভারতমাতার সন্তান। “এদিন কাঁথিতে নির্বাচনী জনসভা থেকেই তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী। কিন্তু পূর্বে এই বহিরাগত শব্দবন্ধকে ইস্যু করে এনআরসি নিয়ে তৎপরতা শুরু করেছিল কেন্দ্র সরকার। বিজেপি নেতৃত্ব দেশজুড়ে এনআরসি-র জুজু দেখিয়ে মানুষের মুখ বন্ধ করতে উদ্যত হয়। নির্বাচনী প্রচারে বুধবার কাঁথিতে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী। এদিনের সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে ব্যুমেরাং করে তাঁর দিকেই ফিরিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র।
বুধবার রাতেই এ প্রসঙ্গে একটি টুইট করেন সাংসদ। সেখানে তিনি লেখেন, “আজ বাংলায় এসে প্রধানমন্ত্রী বলেছেন, কোনও ভারতীয়ই বহিরাগত নন, সকলেই ভারতমাতার সন্তান। বিষয়টা রেকর্ড হয়ে থাকল, স্যর। এখানে যাঁরা প্রজন্মের পর প্রজন্ম বাস করছেন, যাঁদের সন্তান এই মাটিতেই জন্ম নিয়েছে, তাঁদের যখন হয়রান করবেন, এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়া হবে আপনাকে।”মহুয়া মৈত্র ট্যুইটটি শেষ করেছেন- “কাগজ নেহি দিখায়াঙ্গে লিখে। “প্রসঙ্গত, এমনিতেই বঙ্গ রাজনীতিতে উত্তেজনার পারদ উর্ধ্বমুখী। তারই মাঝে ফের একবার “বহিরাগত” শব্দের ব্যবহার কি আবারো ভোটারদের ভাবাতে বাধ্য করবে কি না, তার উত্তর মিলবে ২রা মে ভোট বাক্সের ফলাফলে।
