বিশ্বের খবর
এবার মানুষের শরীরেও বার্ড ফ্লু !!!!!
নিউজ ডেস্ক , ২১ ফেব্রুয়ারি : মানুষের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতির প্রমান মিলেছে বলে দাবি করল রাশিয়া। বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি পশুখামারে ৭ জন কর্মীর দেহে বার্ড ফ্লু-র একটি প্রজাতি (এইচ৫এন৮)-র উপস্থিতি ধরা পড়েছে। এই দাবিকে ঘিরেই চিকিৎসা বিজ্ঞানে শোরগোল পড়ে গিয়েছে।
করোনার মধ্যেই এই রকম খবরে রীতিমতো স্তম্ভিত তারা। নতুন ভাবে যদি এই সংক্রমক ব্যাধি দেখা দেয়, তা হলে সামলানো আরও কঠিন হয়ে উঠবে। যদিও রাশিয়ার এই দাবি মানতে চাইছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তারা জানিয়েছে, মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই দাবি উড়িয়েও দেয়নি তারা। আক্রান্ত ওই ৭ জনের দেহ থেকে বার্ড ফ্লু-র প্রজাতিটির জিনের উপাদান সংগ্রহ করেছেন ভেক্টর ল্যাবরেটরির গবেষকেরা। উল্লেখ্য, গত ডিসেম্বরেই ওই খামারে বার্ড ফ্লু-র প্রকোপ দেখা দিয়েছিল। এরপর বেশ কিছু দিন আগে মানবদেহেও সংক্রমণ ঘটে। তার ফলাফল নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরই এ খবর দেওয়া হচ্ছে। তবে ওই কর্মীরা আক্রান্ত হলেও তাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি ।তবে খামার থেকেই তারা সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। সংক্রমণের যাবতীয় তথ্য ইতিমধ্যেই হু-কে জানানো হয়েছে। তবে জানা গেছে ওই ৭ জন ছাড়া আর কারও দেহে সংক্রমণের চিহ্ন ধরা পড়েনি।তবে এব্যাপারে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না হু। এ নিয়ে নিশ্চিত হওয়ার পরই বলা যাবে যে, এইচ৫এন৮ প্রজাতি মানবদেহে প্রথম বার সংক্রমণ ঘটিয়ে ফেলল।
