ভাইরাল খবর
বর্ধমান থেকে জইশ জঙ্গি গ্রেপ্তার! মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছকের আশঙ্কা
ডিজিটাল ডেস্কঃ বর্ধমানের (Bardhaman) রেনেসাঁ হাউসিং থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)-এর সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ (STF)। ধৃত হামিদ মণ্ডলের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সফরসূচি, গতিবিধি এবং নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
বর্ধমানের ওই আবাসনে অভিযান চালিয়ে হামিদকে গ্রেফতার করা হয়। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিদ পেশায় গেঞ্জি কারখানার কর্মী ছিল বলে জানা গিয়েছে। প্রায় দুই মাস আগে সে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তদন্তকারীদের দাবি, সে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এবং কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছে মুখ্যমন্ত্রীর কোথায় যাতায়াত, কোন পথে চলাফেরা, গাড়ির অবস্থান, পার্কিং সংক্রান্ত তথ্য এবং অন্যান্য ভিআইপি (VIP) মুভমেন্টের বিবরণ পাওয়া গিয়েছে। এই তথ্য কীভাবে তার কাছে পৌঁছল এবং এর পিছনে কোনও বড় ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, হামিদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের কোনও যোগাযোগ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে। তার মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস (Digital Device) এবং নথিপত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, হামিদ পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত কি না এবং বাংলায় কোনও স্লিপার সেল (Sleeper Cell) তৈরির চেষ্টা চলছিল কি না, সেই বিষয়েও নজর দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে মন্তব্য না করে জানিয়েছেন, এটি জাতীয় নিরাপত্তার (National Security) বিষয় এবং এসটিএফ বিস্তারিত জানাবে।
ধৃত হামিদকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। জেরা করে এই জঙ্গি নেটওয়ার্কের বিস্তার এবং সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
