ভাইরাল খবর
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম! জন্মতারিখ নিয়ে জারি হলো ডেডলাইন
ডিজিটাল ডেস্কঃ ২০২৮ সালের মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। নতুন শিক্ষাব্যবস্থা (Education System) চালুর প্রস্তুতির মধ্যেই পরীক্ষার্থীদের বয়সসীমা (Age Limit) এবং রেজিস্ট্রেশন (Registration) সংক্রান্ত একাধিক নিয়ম স্পষ্ট করে দিয়েছে পর্ষদ।
নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সব ছাত্রছাত্রীর জন্ম ২০১৩ সালের ৩১ অক্টোবরের পরে, তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারবে না। অর্থাৎ, ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীর জন্ম অবশ্যই ৩১ অক্টোবর ২০১৩ অথবা তার আগে হতে হবে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা কোনও পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না বলেও জানানো হয়েছে।
পর্ষদের বিজ্ঞপ্তিতে সমস্ত স্বীকৃত বিদ্যালয়কে (Recognised School) স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম পাঠানোর আগে প্রত্যেক শিক্ষার্থীর জন্মতারিখ (Date of Birth) ভালোভাবে যাচাই করতে হবে। বয়স সংক্রান্ত নিয়ম অমান্য করে কোনও আবেদন পাঠানো হলে সেই রেজিস্ট্রেশন বৈধ (Valid) হিসেবে বিবেচিত হবে না।
প্রসঙ্গত, ২০২৮ সাল থেকেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় চালু হতে চলেছে সেমেস্টার পদ্ধতি (Semester System)। উচ্চমাধ্যমিকের ধাঁচে নতুন এই পরীক্ষা পদ্ধতি কার্যকর করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে পর্ষদ। সেই কারণেই নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই বয়স সংক্রান্ত নিয়ম কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।
পর্ষদ জানিয়েছে, এই বয়সসীমা পশ্চিমবঙ্গ সরকারের পূর্ববর্তী সরকারি নির্দেশ (Government Order) অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তাই স্কুল কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদেরও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, মাধ্যমিকের পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (PPS) এবং পোস্ট পাবলিকেশন রিভিউ (PPR) সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যেসব পরীক্ষার্থীর ফল সংশোধিত হয়েছে, তাঁদের নতুন মার্কশিট (Marksheet) ও শংসাপত্র (Certificate) ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস (Regional Office) থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পর্ষদ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত নথি সংগ্রহ না করলে পরে নির্দিষ্ট ফি, প্রয়োজনীয় নথি এবং নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে ডুপ্লিকেট সংশোধিত মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে হবে। তাই রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফল সংশোধন—সব ক্ষেত্রেই স্কুল ও পরীক্ষার্থীদের নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
