দুর্ঘটনা
‘আমাকে বাঁচা!’ ধ্বংসস্তূপের নিচ থেকে বন্ধুকে ফোন! তারাতলায় অলৌকিক উদ্ধার যুবকের
ডিজিটাল ডেস্কঃ ‘রাখে হরি তো মারে কে’—তারাতলার (Taratala) ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই সামনে এল এক অবিশ্বাস্য উদ্ধারকাহিনি (Miracle Rescue)। নির্মীয়মাণ বাণিজ্যিক ভবন (Commercial Building) ধসে ধ্বংসস্তূপের নিচে ১৪ ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর বন্ধুকে ফোন করে প্রাণ বাঁচালেন এক শ্রমিক।
জানা গিয়েছে, বিহারের (Bihar) মুঙ্গেরের বাসিন্দা মনু কুমার (Manu Kumar) ওই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। বুধবার রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত প্রায় দেড়টা নাগাদ আচমকাই তিনি ফোন করেন তাঁর বন্ধু সন্তোষ কুমারকে। ফোনে খুব বেশি কথা বলার অবস্থায় না থাকলেও কেবল বলেন, “আমাকে বাঁচাও।”
বন্ধুর কণ্ঠ শুনেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন সন্তোষ। তিনি মনুকে লোকেশন (Location) পাঠাতে বললেও তা সম্ভব হয়নি। এরপর সন্তোষ ও বিভূতি নামে দুই বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী বাহিনীকে বিষয়টি জানান।
সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল মনুর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক (Mobile Tracking) করে তল্লাশি শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা নাগাদ ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় মনুকে।
বর্তমানে তিনি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন। উদ্ধারকারী দল ও পরিবারের সদস্যদের মতে, দীর্ঘ ১৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থেকেও মনুর উপস্থিত বুদ্ধি এবং শেষ মুহূর্তে বন্ধুকে ফোন করাই তাঁর জীবন বাঁচানোর সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়।
তারাতলার বিপর্যয়ের অন্ধকারের মাঝেও এই ঘটনা যেন আশার এক উজ্জ্বল আলো হয়ে উঠেছে।
