ভাইরাল খবর
হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! খারিজ হলো বিদেশ যাত্রার দ্রুত শুনানির আবেদন
ডিজিটাল ডেস্কঃ চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য এক সপ্তাহের বিদেশ সফরের (Foreign Visit) অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘কালীঘাট তৃণমূলের’ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর আবেদনের দ্রুত শুনানির (Urgent Hearing) আর্জি খারিজ করে দিল আদালত।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেকের আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলার তালিকায় (Case List) যে ক্রমে বিষয়টি রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। কোনও বিশেষ সুবিধা দেওয়া হবে না।
প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় (Road Accident) গুরুতরভাবে আহত হন অভিষেক। ওই ঘটনায় তাঁর বাঁ চোখের নিচের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও (United States) একাধিকবার যেতে হয়েছে তাঁকে।
তবে এবার তাঁর বিদেশযাত্রার আবেদন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে একাধিক মামলার তদন্তের (Investigation) সঙ্গে তাঁর নাম জড়িত। বিধায়ক সই জালিয়াতি কাণ্ড থেকে শুরু করে ভোট প্রচারে ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলায় সিআইডি (CID) তদন্ত চালাচ্ছে।
সম্প্রতি বিধাননগর আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহের অনুমতি দিয়েছে। আগামী ৩০ জুন আদালতের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা শিথিল করার আবেদন জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে আপাতত দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় তাঁর বিদেশযাত্রা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এখন আদালতের নির্ধারিত শুনানির দিকেই নজর রাজনৈতিক মহল ও তৃণমূল নেতৃত্বের।
