রাজ্যের খবর
কলকাতার প্রশংসায় পঞ্চমুখ মোদি! যোগ দিবস শেষে ‘এক্স’ হ্যান্ডেলে আবেগঘন বার্তা
ডিজিটাল ডেস্কঃ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) মূল অনুষ্ঠানে তিলোত্তমায় যোগ দিয়ে কলকাতার মানুষের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে প্রায় ৩৫ হাজার মানুষের সঙ্গে যোগাসনে অংশ নেওয়ার পর, শহর ছাড়ার সময় সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ শহরবাসীকে নিয়ে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “চলতি বছরের যোগ দিবস কর্মসূচির এমন দুর্দান্ত আয়োজক হওয়ার জন্য আমি কলকাতার আমার সমস্ত ভাই ও বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রাণবন্ত শহরে যোগ দিবস উদযাপন করতে পারা অত্যন্ত সম্মানের বিষয়।”
I would like to express gratitude to my sisters and brothers of Kolkata for being such outstanding hosts for this year’s Yoga Day programme. It is an honour to mark it in this vibrant city.
In the run-up to Yoga Day, there were cleanliness drives across the city, which were…
— Narendra Modi (@narendramodi) June 21, 2026
যোগ দিবসের আগে কলকাতা পৌরনিগম ও বিভিন্ন মহলের উদ্যোগে শহরজুড়ে যে সাফাই অভিযান চালানো হয়েছিল, তারও প্রশংসা শোনা গেছে প্রধানমন্ত্রীর মুখে। তিনি জানান, কলকাতার মানুষের এই নাগরিক চেতনা (Civic Consciousness) এবং কর্তব্যপরায়ণতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের (Cultural and Spiritual Heritage) কথা স্মরণ করে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দের মতো মনীষীদের যোগসাধনায় অবদানের কথা তুলে ধরেন।
#WATCH | West Bengal | Prime Minister Narendra Modi performs Yoga on the occasion of the 12th International Day of Yoga in Kolkata.
The theme for this year’s Yoga Day is ‘Yoga For Healthy Ageing’
(Video Source: DD News) pic.twitter.com/uenZKDPetf
— ANI (@ANI) June 21, 2026
এবারের যোগ দিবসের মূল ভাবনা বা থিম (Theme) ছিল ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। এই প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু শরীরচর্চা নয়, এটি জীবনের ভারসাম্য রক্ষা করে। তিনি সকলকে যোগকে একটি দিনের উদযাপনে সীমাবদ্ধ না রেখে ‘যোগ ৩৬৫’ কর্মসূচির মাধ্যমে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানান। রেড রোডের এই মেগা ইভেন্টে (Mega Event) প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডের কর্মসূচি সেরে প্রধানমন্ত্রী গার্ডেনরিচে ৩টি দেশীয় যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিয়ে দিল্লির উদ্দেশে রওনা হন।
