দেশের খবর
নিট কেলেঙ্কারি ও বেকারত্বের প্রতিবাদ! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামছেন রাহুল গান্ধী
ডিজিটাল ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী এবং দেশের যুবসমাজের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে নতুন কর্মসূচির ঘোষণা করল কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এই জনসংযোগ অভিযান (Mass Outreach Campaign) অনেকটাই ‘ভারত জোড়ো যাত্রা’-র ধাঁচে তৈরি হলেও এর মূল লক্ষ্য শিক্ষাক্ষেত্রের সংকট, পরীক্ষায় অনিয়ম (Exam Irregularities), প্রশ্নফাঁস (Paper Leak) এবং বেকারত্বের মতো বিষয়গুলোকে সামনে আনা।
দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, আগামী ১৭ জুন রাজস্থানের কোটা (Kota) শহর থেকে এই কর্মসূচির সূচনা করবেন রাহুল গান্ধী। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরকালে ছাত্রছাত্রী, সরকারি চাকরিপ্রার্থী, শিক্ষাবিদ (Academicians), গবেষক এবং যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন রাহুল।
কংগ্রেসের দাবি, নিট প্রশ্নফাঁস কাণ্ড দেশের শিক্ষাব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থায় বড় ধাক্কা দিয়েছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই শুধু তদন্ত নয়, দায় নির্ধারণ করে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছে দল। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
এই আন্দোলনকে সফল করতে কংগ্রেসের বিভিন্ন সংগঠন, যুব কংগ্রেস, এনএসইউআই (NSUI) এবং দলীয় কর্মীদের শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্যাম্পাসে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে সরাসরি যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও ব্যাপক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে।
