রাজ্যের খবর
চালু হল ‘আপনার সরকার আপনার পাশে’-র পোর্টাল! ক্ষমতায় এসেই একের পর এক প্রতিশ্রুতি পূরণ মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ক্ষমতায় আসার পর থেকেই জনপরিষেবা আরও স্বচ্ছ ও গতিশীল করতে একাধিক বড় পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। গত ৩ জুন নবান্ন (Nabanna) থেকে ‘আপনার সরকার আপনার পাশে’ (Apnar Sarkar Apnar Pashe) হেল্পলাইন নম্বর চালুর পর, এবার সাধারণ মানুষের সুবিধার্থে এই কর্মসূচির অফিশিয়াল পোর্টাল (Official Portal) চালু করল রাজ্য সরকার। এখন থেকে নাগরিকরা ঘরে বসেই সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর বা সিএমও-র (CMO) ওয়েবসাইটে গিয়ে নিজেদের অভাব-অভিযোগ নথিবদ্ধ করতে পারবেন।
এই পোর্টালটির অফিসিয়াল অ্যাড্রেস হল https://cmo.wb.gov.in/landing। এখানে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প (Welfare Project) বা সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা সরাসরি সরকারকে জানানো যাবে। এই পোর্টালে নিজে টাইপ (Typing) করে যেমন অভিযোগ জানানো যাবে, তেমনই গ্রামীণ বা কম শিক্ষিত মানুষের সুবিধার্থে অডিও ক্লিপ (Audio Clip) রেকর্ডিং করে পাঠানোর অভিনব সুবিধাও রাখা হয়েছে।
কীভাবে জানাবেন অভিযোগ?
পোর্টালের মাধ্যমে অভিযোগ জানানোর প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও সুরক্ষিত রাখা হয়েছে:
-
প্রথমে সিএমও-র ওয়েবসাইটে গিয়ে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনে ক্লিক করতে হবে।
-
এরপর ‘Raise Grievance’ অপশনে গিয়ে নিজের মোবাইল নম্বর (Mobile Number) দিতে হবে।
-
মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে এবং ক্যাপচা (Captcha) ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
-
এর পরেই অভিযোগ জানানোর একটি নির্দিষ্ট পেজ (Page) খুলবে, যেখানে নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা এবং বয়স পূরণ করতে হবে।
-
অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথি (Documents) আপলোড করার পর ‘জমা দিন’ (Submit) অপশনে ক্লিক করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
পরিষেবার সময়সীমা: প্রতি সপ্তাহের সোমবার থেকে শনিবার, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পোর্টালে অভিযোগ জানানো যাবে। এছাড়া বিকল্প হিসেবে টোল ফ্রি নম্বর (Toll Free Number) ৮২৮২০৮২৮২০ এবং asap@wb.gov.in ইমেল আইডিও সচল থাকছে।
উল্লেখ্য, তৎকালীন তৃণমূল সরকারের ২০২৩ সালের ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচির ব্যর্থতা ও সমাধানের অভাব নিয়ে বিস্তর অভিযোগ ছিল সাধারণ মানুষের। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট জানিয়েছিলেন, তাঁদের সরকার হবে “মানুষের সরকার”। সেই লক্ষ্যেই এই ডিজিটাল পোর্টালের সূচনা আমজনতার প্রশাসনিক কাজকে আরও সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে।
