ভাইরাল খবর
বাংলায় এবার শিল্পের জোয়ার! আমূলের ৬৫০ কোটির মেগা বিনিয়োগ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই শিল্প আর বিনিয়োগ (Investment) নিয়ে জোর চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। দীর্ঘদিনের শিল্প-খরা কাটিয়ে এবার বাংলায় এক বিরাট অঙ্কের বিনিয়োগ করতে চলেছে বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমূল (Amul)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি মেগা প্রকল্প (Mega Project) আনতে চলেছে এই সংস্থা। বঙ্গ বিজেপির অফিশিয়াল সমাজমাধ্যমে (Social Media) এই খবরটি শেয়ার করার পর থেকেই বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে।
মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে (X Handled) দাবি করেছেন, এটিই হতে চলেছে বাংলায় আমূলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট (Dairy Processing Plant)। এই প্রকল্পের ফলে রাজ্যে দুগ্ধ পরিকাঠামো যেমন শক্তিশালী হবে, তেমনই বিপুল কর্মসংস্থান (Employment) তৈরি হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানিয়েছেন, নতুন সরকার নিজস্ব ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল, যার ফলস্বরূপ এই বড় লগ্নি আসতে চলেছে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Announcement) করা হয়নি।
বিজেপি সূত্রে খবর, রাজ্যে সুনির্দিষ্ট কয়েকটি জায়গায় শিল্পতালুক তৈরি করতে কেন্দ্রের সহযোগিতা চাওয়া হয়েছে। এই বিষয়ে কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বৈঠক করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সিঙ্গুর, অশোকনগর, রানাঘাট, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম—এই ৫টি জায়গাকে নতুন শিল্পতালুকের খসড়ায় (Draft) অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিনিয়োগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামিদিনে এমন আরও বিদেশি বিনিয়োগ আসবে। তবে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, আগে মাদার ডেয়ারি ৬ লক্ষ লিটার দুধ উৎপাদন করত, যা এখন কমে ৩০ হাজার লিটারে ঠেকেছে। পূর্বতন মন্ত্রীদের লুঠপাটের কারণেই হরিনঘাটার এই করুণ অবস্থা হয়েছে বলে তিনি তোপ দাগেন।


