ভাইরাল খবর
সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের! কোন জেলায় কত জমি পেল বিএসএফ?
ডিজিটাল ডেস্কঃ ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সীমান্ত এলাকায় বিএসএফ (BSF)-এর আউটপোস্ট (BOP) নির্মাণ এবং কাঁটাতারের বেড়া (Barbed-Wire Fencing) তৈরির জন্য ইতিমধ্যেই মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী তার নিজের সোশ্যাল মিডিয়ায় জেলা ভিত্তিক জমি হস্তান্তরের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়—৩৮.৮০৫ একর। দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর হয়েছে ৩৫.১৬৫ একর জমি। এছাড়াও কোচবিহারে ২২.৯৫ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদহে ১০.৯০ একর এবং দার্জিলিংয়ে ৮.৮১৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, উত্তর ২৪ পরগণায় ২.৬ একর এবং নদিয়ায় ০.৫৫ একর জমিও সীমান্ত সুরক্ষার কাজে ব্যবহার হবে। রাজ্য সরকারের দাবি, এই জমিতে বিএসএফ দ্রুত পরিকাঠামো (Infrastructure) গড়ে তুলতে পারবে, ফলে অনুপ্রবেশ (Infiltration), পাচার (Smuggling) এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণে আরও সুবিধা হবে।
দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ নিয়ে নানা জটিলতা ছিল। স্থানীয় বাসিন্দাদের আপত্তির কারণেও বহু জায়গায় কাজ আটকে ছিল। তবে সম্প্রতি নবান্ন (Nabanna) জেলা প্রশাসনগুলিকে দ্রুত জমি চিহ্নিত করে হস্তান্তরের নির্দেশ দেয়।
রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, বর্তমান পদক্ষেপ সেই লক্ষ্য পূরণের দিকেই বড় অগ্রগতি।
