ভাইরাল খবর
হাওয়ায় দুলছে লিওনেল মেসির বিশাল মূর্তি! লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তি ভাঙার প্রস্তুতি পুলিশের
ডিজিটাল ডেস্কঃ লেকটাউনের (Lake Town) ভিআইপি রোডের ধারে স্থাপিত ফুটবল তারকা লিওনেল মেসির (Lionel Messi) বিশাল মূর্তিকে ঘিরে এবার বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রবল হাওয়ায় ৭০ ফুট উঁচু এই মূর্তিটি দুলছে এবং যে কোনও মুহূর্তে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার ঘটনাস্থলে পৌঁছন পূর্তদপ্তরের (PWD) ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ও লেকটাউন থানার পুলিশ।
জানা গিয়েছে, মূর্তির নীচের অংশের মাটি ধসে গিয়েছে এবং কাঠামোর চারপাশে ফাটলও দেখা দিয়েছে। ঠিক নীচেই রয়েছে একটি জায়ান্ট স্ক্রিন, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বহু মানুষ আইপিএল (IPL) ম্যাচ দেখতে জড়ো হন। ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে। সূত্রের খবর, সোমবার রাতেই মূর্তিটি সরানো বা ভাঙার কাজ শুরু হতে পারে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) উদ্যোগে এই মূর্তির উদ্বোধন হয়েছিল। কলকাতা সফরে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন খোদ মেসি। তবে শুরু থেকেই মূর্তির চেহারা নিয়ে বিতর্ক ছিল। অনেকের দাবি, মূর্তির মুখ মেসির সঙ্গে না মিলিয়ে বরং অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) মতো দেখতে।
এবার সেই বিতর্ক ছাড়িয়ে মূল প্রশ্ন হয়ে উঠেছে জননিরাপত্তা। প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।


