উত্তর দিনাজপুর
গেরুয়া ঝড়ে কাঁপছে উত্তর দিনাজপুর! কালিয়াগঞ্জে প্রার্থীদের পাশে নিয়ে রাজপথে অমিত শাহ
ডিজিটাল ডেস্কঃ মালদহ ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি উত্তর দিনাজপুরেও বিধানসভা কেন্দ্রে প্রচারের ঝাঁজ বাড়াতে ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ তিনি কালিয়াগঞ্জে পৌঁছান। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে গেরুয়া বেলুন ও পতাকা হাতে ভিড় জমিয়েছেন অগণিত দলীয় কর্মী ও সমর্থক (Supporters)।
কালিয়াগঞ্জের সুকান্ত মোড় থেকে অমিত শাহের বর্ণাঢ্য রোড শো (Road Show) শুরু হয়। একটি হুডখোলা গাড়িতে সওয়ার হয়ে জনগণের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী উৎপল মহারাজ এবং রায়গঞ্জের সাংসদ (MP) কার্তিক চন্দ্র পাল সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় অভূতপূর্ব উন্মাদনা লক্ষ্য করা যায়। কালিয়াগঞ্জের রাস্তা কার্যত গেরুয়া বাহিনীর দখলে চলে যায়। সুকান্ত মোড় থেকে শুরু হয়ে বিবেকানন্দ মোড় পর্যন্ত দীর্ঘ এই রোড শো-তে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে উত্তরদিনাজপুরের বিজেপির এই প্রচার কর্মসূচি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


