রাজনীতি
তৃণমূল কার্যালয়ে ক্যারম খেলছেন জওয়ানরা! ভিডিও ভাইরাল হতেই ৩ জনকে সাসপেন্ড করল কমিশন
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে বীরভূমের সিউড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আচরণ ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের (TMC) একটি স্থানীয় কার্যালয়ে বসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দলীয় কর্মীদের সঙ্গে ক্যারম খেলছিলেন। এই ঘটনার একটি ভিডিও (Video) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন (Election Commission)। প্রাথমিক তদন্তের পর তিন জওয়ানকে চিহ্নিত করে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, সিউড়ির তৃণমূল কার্যালয়ের ভেতরে ক্যারম বোর্ড ঘিরে ভিড় জমেছে। সেখানে বাহিনীর পোশাক পরিহিত (Uniformed) এক জওয়ান বসে খেলছেন এবং অন্য দু’জন জওয়ান স্থানীয় যুবকদের সঙ্গে দাঁড়িয়ে খেলা দেখছেন। অভিযোগ, ওই যুবকরা সকলেই স্থানীয় তৃণমূল কর্মী। এই ঘটনায় আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জওয়ানদের কাজ ভোটারদের অভয় দেওয়া, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে বিনোদন (Entertainment) করা নয়।
কমিশন সূত্রে খবর, অভিযোগ পাওয়ামাত্রই ভিডিওর সত্যতা যাচাই করে ওই তিন জওয়ানকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁরা এই নির্বাচনে আর কোনও ডিউটি (Duty) করতে পারবেন না। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের (Departmental Inquiry) নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জওয়ানরা ওই জায়গাকে নিরাপদ ভেবে বিশ্রাম নিচ্ছিলেন। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, ডিউটিরত অবস্থায় কোনও রাজনৈতিক দলের আতিথেয়তা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ (Prohibited)। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল বীরভূমে ভোটগ্রহণ হবে এবং ৪ মে ফলাফল (Result) ঘোষণা করা হবে।


