ভাইরাল খবর
রাজ্যসভা ভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, তেলেঙ্গানা থেকে লড়বেন সিংভি
ডিজিটাল ডেস্কঃ আসন্ন রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha Elections) জন্য ৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)। বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের আলোচনার ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে।
এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী (Senior Advocate) অভিষেক মনু সিংভি। হিমাচলে গতবার অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ার পর এবার তাঁকে তেলেঙ্গানা থেকে প্রার্থী করা হয়েছে। সিংভিকে গান্ধী পরিবারের আইনি বিষয়ের প্রধান ভরসা (Legal Advisor) হিসেবে মনে করা হয়। তেলেঙ্গানার দ্বিতীয় আসনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘনিষ্ঠ ভেম নরেন্দ্র রেড্ডি। তবে বাংলার নেত্রী দীপা দাশমুন্সীর নাম নিয়ে জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল না।
The Congress President Shri @kharge, has approved the proposal for the candidature of the following persons to contest the Rajya Sabha elections as Congress candidates from the states mentioned against their names: pic.twitter.com/5rjufZqpEX
— Congress (@INCIndia) March 5, 2026
অন্যান্য রাজ্যের মধ্যে ছত্তিশগড় থেকে টিকিট পেয়েছেন আদিবাসী নেত্রী ফুলো দেবী নেতাম। এছাড়া হরিয়ানা থেকে কর্মবীর সিং বৌদ্ধ, হিমাচল প্রদেশ থেকে অনুরাগ শর্মা এবং তামিলনাড়ু থেকে ডিএমকে-র সমর্থনে এম ক্রিস্টোফার তিলককে প্রার্থী করা হয়েছে। আগামী ১৬ই মার্চ ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বর্তমানে রাজ্যসভায় এনডিএ-র (NDA) পাল্লা ভারী থাকলেও, কংগ্রেস আশা করছে তেলেঙ্গানা ও হিমাচলের মতো রাজ্যগুলিতে তারা অতিরিক্ত আসন লাভে সক্ষম হবে। সিংভি ও নরেন্দ্র রেড্ডি উভয়েই এই মনোনয়নের (Nomination) জন্য শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এখন দেখার, এই নতুন সমীকরণ রাজ্যসভায় বিরোধী শিবিরের শক্তি কতটা মজবুত করে।


