বিশ্বের খবর
ফের রক্তে ভাসছে বালোচিস্তান! পাক সেনার অভিযানে নিহত ৯২ বালোচ বিদ্রোহী, মৃত ১২৫ ছাড়াল
ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতার দাবিতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী আন্দোলনের মাঝেই ফের অগ্নিগর্ভ বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের (Baloch Rebels) দমন করতে চালানো অভিযানে পাক সেনার (Pakistan Army) হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৯২ জন বালোচ যোদ্ধার। সব মিলিয়ে সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৫। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। পাক সেনা সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন ১৫ জন পাক জওয়ান ও ১৮ জন সাধারণ নাগরিক (Civilians)।
এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সেনার প্রশংসা করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। যদিও অতীতে সন্ত্রাসে মদতের অভিযোগে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে সমালোচিত হয়েছে। পাক সেনার একাংশ বরাবরই বালোচ বিদ্রোহে ভারতের (India) মদতের অভিযোগ তুললেও নয়াদিল্লি তা স্পষ্টভাবে নস্যাৎ করেছে।
উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবিতে বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। পাক সেনার দমন-পীড়নের প্রতিবাদে সক্রিয় হয়েছে বালোচ লিবারেশন আর্মি (Baloch Liberation Army)। আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ও তেহরিক-ই-তালিবান (TTP)-এর চাপে থাকা পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে পাক সেনা একাধিক এলাকায় বড়সড় অভিযান শুরু করে। পালটা শুক্রবার রাতে কোয়েটা (Quetta), পাসনি (Pasni), মাস্তুং (Mastung), নুশকি (Nushki) ও গদর (Gwadar) জেলায় সেনাকে লক্ষ্য করে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। বন্দুক ও আত্মঘাতী বোমা (Suicide Bombing) হামলার খবর মিলেছে। এর জবাবে ফের পালটা আঘাত হানে পাক সেনা।
