ভাইরাল খবর
ভোটের প্রতিশ্রুতিতে ৫০০ পথকুকুর হত্যা, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান
ডিজিটাল ডেস্কঃ পথকুকুর (Stray Dogs) নিয়ে মামলা যখন সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন, ঠিক সেই সময় তেলেঙ্গানায় (Telangana) প্রকাশ্যে এল এক নৃশংস ঘটনার তথ্য। রাজ্যের কামারেড্ডি (Kamareddy) জেলায় ভোট-পরবর্তী সময়ে প্রায় ৫০০টি পথকুকুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকরভাবে, এই গণহত্যার নেপথ্যে স্থানীয় পঞ্চায়েত প্রধানের (Panchayat Head) নেতৃত্বে একটি চক্র কাজ করেছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে ‘কুকুরমুক্ত গ্রাম’ (Dog-Free Village) গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা। ভোটে জয়ের পর সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই বিষাক্ত ইঞ্জেকশন (Poison Injection) দিয়ে নির্বিচারে পথকুকুর হত্যা শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় ৫০০টি কুকুর মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, নিহত কুকুরদের গ্রামের বাইরে একটি নির্জন এলাকায় (Isolated Area) মাটি চাপা দেওয়া হচ্ছিল।
ঘটনার তদন্তে নেমে পশুচিকিৎসকদের (Veterinary Team) একটি দল সেই স্থান খুঁড়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত (Post-mortem) শুরু করেছে। প্রাথমিকভাবে বিষ প্রয়োগের প্রমাণ মিলেছে। নমুনা ফরেনসিক পরীক্ষার (Forensic Test) জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা (Legal Action) নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে সম্প্রতি বেঞ্চ জানিয়েছে, কুকুরের কামড়ে শিশু বা বৃদ্ধের মৃত্যু হলে রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হতে পারে। আদালত পথকুকুর ব্যবস্থাপনা, নাগরিক নিরাপত্তা (Public Safety) ও দায়িত্ববোধ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। এই আবহেই তেলেঙ্গানার ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে মানবিকতা ও আইনের শাসন নিয়ে।
