দেশের খবর
রাশিয়ার স্টেট দুমায় অনুমোদন—ভারত-রাশিয়ার নতুন লজিস্টিক চুক্তি
ডিজিটাল ডেস্কঃ ভারত সফরের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) দিল্লি-মস্কো সম্পর্ককে আরও দৃঢ় করতে বড় পদক্ষেপ নিলেন। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট দুমা (State Duma) ভারত-রাশিয়ার নতুন সামরিক চুক্তি—রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা RELOS—অনুমোদন করেছে। এই চুক্তির ফলে দুই দেশের সেনাবাহিনী, যুদ্ধজাহাজ (warships) এবং সামরিক বিমান (military aircraft) একে অপরের বন্দর, সেনাঘাঁটি এবং লজিস্টিক সুবিধা বিনা বাধায় ব্যবহার করতে পারবে।
চুক্তিটি প্রথম সাক্ষরিত হয় ১৮ ফেব্রুয়ারি। পরে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এটি দুমার অনুমোদনের জন্য পেশ করেন। মঙ্গলবার সেটিই সায় পায়। দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেন, “ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক গভীর। এই চুক্তি সেই সহযোগিতা আরও শক্তিশালী করবে।”
RELOS কার্যকর হলে রাশিয়ার যুদ্ধজাহাজ ভারতের বন্দরে অবাধে প্রবেশ করতে পারবে, একই সুবিধা পাবে ভারতীয় নৌবাহিনীও। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা—সব ক্ষেত্রেই দুই দেশের সামরিক সমন্বয় বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এর প্রকৃত তাৎপর্য হলো—যদি বিশ্বে কোনও রকম যুদ্ধ বা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, ভারত-রাশিয়া পরস্পরের পাশে দাঁড়াতে পারবে।
অনেকে মনে করছেন, এটি ১৯৭১ সালের মতোই কৌশলগত বার্তা। সেই সময় পাকিস্তানবিরোধী যুদ্ধে ভারতকে রক্ষা করতে রাশিয়া মার্কিন নৌবহরকে আটকে দিয়েছিল। নতুন চুক্তি দুই দেশের বিশ্বাস ও আস্থার সেতুকে আরও মজবুত করল, এমনই বলছেন ওয়াকিবহাল মহল।


