রাজ্যের খবর
ফর্ম বিলি-আপলোডের চাপ, সেরিব্রাল অ্যাটাকে গুরুতর অসুস্থ প্রৌঢ়া BLO
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে যখন একের পর এক বিতর্ক, সেই আবহেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক প্রৌঢ়া BLO (Booth Level Officer)। হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা ও পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাস (Tapati Biswas) SIR–এর এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করার সময় হঠাৎ রাস্তাতেই লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান—তাঁর সেরিব্রাল অ্যাটাক (Cerebral Attack) হয়েছে, যার ফলে শরীরের বাঁ দিকটি অবশ হয়ে গেছে।
পরিবারের অভিযোগ—SIR–এর কাজের অতিরিক্ত চাপই তপতীদেবীর এই পরিণতির জন্য দায়ী। তাদের দাবি, ফর্ম বিলি, সংগ্রহ এবং মোবাইল অ্যাপে (App Upload) ডিজিটালি তথ্য আপলোডের কাজ নিয়ে তপতী প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। স্বামী প্রবীর বিশ্বাস (Prabir Biswas) বলেন, ইন্টারনেট সমস্যার কারণে কিউআর কোড (QR Code) স্ক্যান করেই তথ্য আপলোড করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছিল। ফলে রাতেও ঘুমোতে পারছিলেন না তিনি।
এদিকে ভোটারদের বিভিন্ন পরিবার থেকেও বারবার ফোন আসত—ফর্ম জমা নেওয়া, সময় মেলানো এবং আপলোডের চাপ যেন তপতীর উপর পাহাড় হয়ে নেমেছিল। অথচ বয়স প্রায় ৬০, সঙ্গে উচ্চ রক্তচাপ (High BP), রক্তে শর্করার মাত্রা (High Sugar)–—এ সবই আগে থেকেই ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত ওষুধ না খাওয়ার কারণেও মস্তিষ্কে রক্তক্ষরণ (Brain Hemorrhage) হতে পারে।
জানা গিয়েছে, তপতী কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের BLO ছিলেন। তাঁর দায়িত্বে থাকা বুথে ১০১৬ জন ভোটার। এখনও অন্তত ৪৫ জনের কাছে SIR ফর্ম পৌঁছায়নি, আবার জমা পড়া বহু ফর্মও অ্যাপে আপলোড করা হয়নি।
পরিবারের দাবি—তপতী অসুস্থ হওয়ায় তাঁকে BLO–র দায়িত্ব না নিতে বলেছিলেন স্বামী। কিন্তু তিনি বলেন—“দায়িত্ব না নিলে চাকরি থাকবে না।”
তপতীর অসুস্থতা নিয়ে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে, আর SIR–এর কাজের চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


