দেশের খবর
শিউরে ওঠা ঘটনা নাবালিকাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, মৃত্যু হলো সদ্যোজাত শিশুর
ডিজিটাল ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) একটি চাঞ্চল্যকর ঘটনা আবারও সামনে এলো। ফল দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের এক নাবালিকাকে বারবার ধর্ষণ এবং পরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই পাশবিকতার শিকার হয়ে মেয়েটি একটি অপরিণত শিশুর জন্ম দেয়, যা জন্মের কিছুক্ষণ পরই মারা যায়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি, ৩১ বছর বয়সী রশিদকে (Rashid) ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মেয়েটির পরিবারের অভিযোগ, রশিদ প্রথমে ফল দেওয়ার নাম করে নাবালিকাটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর সে ওই ধর্ষণের ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল (Blackmail) করতে থাকে। সে নাবালিকাটিকে হুমকি দেয় যে, যদি সে এই ঘটনা কাউকে জানায়, তবে তার পরিবারের সদস্যদের খুন করা হবে। এই হুমকির মুখে নাবালিকাটি বারবার শারীরিক সম্পর্কের শিকার হতে থাকে।
প্রায় ৬-৭ মাস ধরে এই পাশবিকতা চলার পর গত বৃহস্পতিবার মেয়েটি পেটে তীব্র ব্যথা অনুভব করে। এরপর তাকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আল্ট্রাসাউন্ড (Ultrasound) পরীক্ষায় জানা যায় সে সাত মাসের অন্তঃসত্ত্বা (pregnant)। পরবর্তীতে তাকে জেলা মহিলা হাসপাতালে (District Women’s Hospital) ভর্তি করা হয়, সেখানেই সে একটি অপরিণত শিশুর জন্ম দেয়। শিশুটি জন্মের আধ ঘণ্টা পরই মারা যায়। অতিরিক্ত রক্তক্ষরণ এবং কম বয়সের কারণে মেয়েটির শারীরিক অবস্থা গুরুতর হলেও, বর্তমানে সে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় নবাবগঞ্জ থানার অফিসার ইন-চার্জ অরুণ কুমার শ্রীবাস্তব (Arun Kumar Srivastava) শুক্রবার রশিদের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছেন। পাশাপাশি, শিশুটির ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করা হয়েছে, যা অভিযুক্তের ডিএনএ-র সাথে মিলিয়ে দেখা হবে।


