বিশ্বের খবর
ট্রাম্পের নতুন ভিসা নীতি: বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের থাকার সময় এখন সীমিত
ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য এবার আরও কঠোর হয়ে গেলো আমেরিকার ভিসা নিয়ম। ট্রাম্প প্রশাসন (Trump Administration) আনছে নতুন নির্দেশ, যার ফলে বিদেশি শিক্ষার্থী ও কালচারাল এক্সচেঞ্জে আগত অতিথিদের আমেরিকায় থাকার সময় নির্দিষ্ট মেয়াদে সীমাবদ্ধ হবে। চলতি ‘ডিউরেশন অব স্টেটাস সিস্টেম’ তুলে ফেলে ফিক্সড ভিসা মেয়াদ চালু করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসা (F Visa) নিয়ে আসা শিক্ষার্থীরা সর্বোচ্চ ৪ বছর আমেরিকায় থাকতে পারবেন। জে ভিসা (J Visa) বা এক্সচেঞ্জ প্রোগ্রামের বিদেশি শিক্ষার্থীও একইভাবে সীমিত সময়ের জন্য আমেরিকায় থাকতে পারবেন। বিদেশি সাংবাদিকদের (I Visa) জন্য স্থির করা হয়েছে ২৪০ দিনের সীমা, তবে তারা চাইলে ভিসা মেয়াদ বৃদ্ধি করার আবেদন করতে পারবেন। বিশেষভাবে চিনা সাংবাদিকদের জন্য মেয়াদ আরও কম, মাত্র ৯০ দিন।
নতুন নিয়মের ফলে, ভিসার মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসে (USCIS) আবেদন করতে হবে মেয়াদ বৃদ্ধি বা নবায়নের জন্য। অভ্যন্তরীণ নিরাপত্তা ও মার্কিন করদাতাদের সংস্থান রক্ষার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। প্রশাসনের যুক্তি, দীর্ঘমেয়াদি বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থান নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং মার্কিন অর্থনৈতিক সুবিধা অন্যায্যভাবে ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে প্রায় ১৬ লক্ষ বিদেশি শিক্ষার্থী আমেরিকায় ভিসা নিয়ে বসবাস করছেন। এর মধ্যে ৩ লক্ষ ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। বিদেশি সাংবাদিকের সংখ্যা ১৩ হাজারের বেশি। নতুন আইনের প্রভাবে এদের জন্য অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্প প্রশাসন প্রথমবার এই প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু ২০২১ সালে জো বাইডেন সরকার (Joe Biden Administration) বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শে এটি বাতিল করে দেয়। এবার পুনরায় কঠোর বিধিনিষেধ কার্যকর হতে চলেছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।


