ভাইরাল খবর
‘সময় নষ্ট নয়’— দ্রুত জোট প্রক্রিয়া শুরুতে জোর আইএসএফ নেতার
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের ২০২১-এর ছন্দে বিরোধী জোট গড়ার পথে হাঁটতে চায় আইএসএফ (ISF)। সোমবার ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqui) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। তিনি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Basu) চিঠি লিখে আহ্বান জানালেন, বিজেপি ও তৃণমূল বিরোধিতায় দ্রুত এক ছাতার তলায় আসুক সমস্ত বিরোধী শক্তি। তাঁর মতে, সময় নষ্ট না করে অবিলম্বে জোটের প্রক্রিয়া (West Bengal Assembly Election) শুরু করা উচিত।
প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ একসঙ্গে ‘সংযুক্ত মোর্চা’ নামে ময়দানে নেমেছিল। যদিও লোকসভা ভোটের আগে সেই জোট ভেঙে যায়। মুর্শিদাবাদে প্রার্থী বাছাই নিয়ে মতভেদে ক্ষুব্ধ হয়ে সরাসরি লড়াই থেকে সরে দাঁড়ান নওসাদ। তবে গত বছরের শেষে হাড়োয়া উপনির্বাচনে বরফ গলে, আবারও একসঙ্গে ময়দানে নামে বাম ও আইএসএফ।
এইবার নওসাদের প্রস্তাব আরও বিস্তৃত। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক সংগঠনগুলিকেও জোটের আওতায় আনার পক্ষে সওয়াল করেছেন তিনি। চিঠির মধ্য দিয়ে ফের একবার নেতৃত্বের ভার বিমান বসুর কাঁধেই তুলে দিতে চেয়েছেন ভাঙড়ের যুবনেতা। তবে বামফ্রন্টের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক মহলের মত, বিধানসভা ভোট যত এগোবে, ততই ‘সংযুক্ত মোর্চা’-র সম্ভাবনা ঘিরে জল্পনা বাড়বে। ইতিমধ্যেই কংগ্রেসও জোটের পক্ষে সওয়াল করেছে। নওসাদের সর্বশেষ চিঠি সেই সম্ভাবনাকেই যেন আরও উস্কে দিল। এখন প্রশ্ন, আলিমুদ্দিন ভবন (Alimuddin Bhavan) কি আবারও বিরোধী শিবিরকে এক ছাতার নীচে আনতে সফল হবে?


