রাজনীতি
বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গ্রেপ্তার ইডির হাতে নিয়োগ দুর্নীতি মামলায়
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আইনের জালে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দুই বছর আগে এই একই মামলায় সিবিআই (CBI) তাঁকে গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্তি পেলেও সে মুক্তি বেশিদিন স্থায়ী হয়নি। সোমবার ভোরে ইডি (ED) অভিযানে নামতেই পরিস্থিতি নাটকীয় রূপ নেয়।
সকালেই আন্দি গ্রামের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডির আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলার পর শেষমেশ বিধায়ককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, তাঁকে সোজা কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সোমবারই ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) তোলা হবে।
এর আগেও নিয়োগ দুর্নীতির তদন্তে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। সিবিআইয়ের দাবি ছিল— প্রভাব খাটিয়ে এবং মোটা টাকার বিনিময়ে তিনি বহু চাকরির সুপারিশ করেছিলেন। তদন্ত চলাকালীন নিজের মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ। তবুও শেষরক্ষা হয়নি।
এবারও প্রায় একই ঘটনা। ইডি সূত্রে খবর, হঠাৎ তল্লাশি চালাতে আসতেই পালানোর চেষ্টা করেন বিধায়ক। এমনকি মোবাইল ফোনও পুকুরে ফেলে দেন। তবে কেন্দ্রীয় বাহিনী তাঁকে আটক করে। দীর্ঘ ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দেননি বলে অভিযোগ। শেষে গ্রেপ্তার করা হয়।
ইডি (ED)-র দাবি, নিয়োগ কেলেঙ্কারিতে পাওয়া টাকা সরাসরি তাঁর ব্যাংক (Bank) অ্যাকাউন্টে এসেছে। এমনকি ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়-বন্ধুদের চাকরিও পাইয়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে তৃণমূলের অস্বস্তি যে ফের বাড়তে চলেছে, তা স্পষ্ট।


