ভাইরাল খবর
‘বিমান ক্র্যাশ করিয়ে দেব’, বেঙ্গালুরু-সুরাট ফ্লাইটে হুমকি চিকিৎসকের
ডিজিটাল ডেস্কঃ বিমানবন্দরে চরম উত্তেজনা। “ব্যাগ এখানেই থাকবে, না হলে বিমান ক্র্যাশ করিয়ে দেব!”—এমন ভয়ঙ্কর হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) একটি ফ্লাইটে। পাইলট, কেবিন ক্রু এমনকি যাত্রীরা পর্যন্ত চমকে ওঠেন। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের পুলিশকে ডাকা হয়। মঙ্গলবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে সুরাট (Surat) যাওয়ার পথে ঘটে এই অস্বাভাবিক ঘটনা।
জানা গিয়েছে, মাঝ তিরিশের এক আয়ুর্বেদ চিকিৎসক (Ayurvedic Doctor) বিমানে ওঠার পরই গোল বাধান। সঙ্গে থাকা দুটি ব্যাগের একটি তিনি কেবিন ক্রুর আসনের কাছে রেখে দেন। অন্যটি নিজের সিট ২০F-এ রাখেন। কেবিন ক্রুরা তাঁকে ব্যাগটি নির্ধারিত জায়গায় রাখতে অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক জেদ ধরে বসেন। পাইলটও এসে অনুরোধ করেন, তবু তিনি রাজি হননি।
আরও পড়ুনঃ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে তলব, ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
চিকিৎসক সাফ জানান, “ব্যাগ এখানেই থাকবে। যদি সরানো হয়, প্লেন ক্র্যাশ করিয়ে দেব!” তাঁর এই বক্তব্যেই আতঙ্কের সৃষ্টি হয় গোটা বিমানে। যাত্রীরা ভয়ে অস্থির হয়ে ওঠেন। বিমান ছাড়তেও বিলম্ব হতে থাকে। প্রায় দুই ঘণ্টা বিমানের গেট বন্ধই রাখা হয়।
বিমানের কর্মীরা চেষ্টা করেন যাত্রীকে শান্ত করতে। কয়েকজন সহযাত্রীও তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু চিকিৎসক চিৎকার করতে থাকেন এবং ক্রুদের উপর আরও তীব্র ভাষায় হুমকি দেন। একপর্যায়ে কেবিন ক্রু পুলিশকে খবর দেন। বেঙ্গালুরু এয়ারপোর্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ওই যাত্রী, বাস হিরাল মোহনভাই (Bas Hiral Mohanbhai)-কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আয়ুর্বেদ চিকিৎসক। তাঁর আচরণ শুধু দুর্ব্যবহারেই সীমাবদ্ধ ছিল না, তিনি পুরো ফ্লাইটের নিরাপত্তা বিঘ্নিত করার হুমকি দেন। এই ঘটনায় যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত ও বিরক্ত হয়ে পড়েন।
এদিকে সম্প্রতি ভারতের বিভিন্ন বিমান সংস্থায় একের পর এক বিপত্তির ঘটনা সামনে আসছে। বৃহস্পতিবার ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে কলকাতাগামী ইন্ডিগো (IndiGo) ফ্লাইটের রানওয়েতে চাকা ফেটে যায়। টেক-অফের সময় প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমান। অবিলম্বে সেটিকে পার্কিং বে-তে ফিরিয়ে আনা হয়। যাত্রীদের অভিযোগ, প্রথমে বলা হয় টায়ার বদলানো হবে। কিন্তু প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
আমদাবাদের (Ahmedabad) সাম্প্রতিক ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে যান্ত্রিক ত্রুটি ও যাত্রীদের অস্বাভাবিক আচরণ—দুটোই লাগাতার আতঙ্কের পরিবেশ তৈরি করছে। যাত্রীদের অভিযোগ, বিমানে নিরাপত্তা এবং পরিষেবা দুটোই এখন বড় প্রশ্নের মুখে।
