উত্তর দিনাজপুর
রায়গঞ্জ মেডিক্যাল কলেজে অনেক ভুল, ৭ দিনের সময় দিল কমিশন
ডিজিটাল ডেস্কঃ রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে কারণ দর্শানোর নোটিস জারি করল জাতীয় মেডিক্যাল কমিশনের (NMC) আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড (UGMEB)। মেডিক্যাল শিক্ষার মান রক্ষার ২০২৩-এর বিধি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ বার্ষিক তথ্যপ্রদান এবং নির্দিষ্ট কিছু অতিরিক্ত তথ্য জমা দিতে ব্যর্থ হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে।
৮ই মে জারি করা নোটিসে কমিশনের তরফে জানানো হয়েছে, কলেজ কর্তৃপক্ষ ২০২৪ সালের ১লা নভেম্বর ও ২৫শে এপ্রিল প্রকাশিত দুইটি সরকারি বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুসারে NMC পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপলোড করেনি। এছাড়াও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে বহু গুরুতর ঘাটতির দিক তুলে ধরা হয়েছে।
আরও পড়ুনঃ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বার্তা পৌঁছাতে ৭ সর্বদলীয় প্রতিনিধি দলের নাম প্রকাশ
নোটিসে উল্লেখ করা ৯টি প্রধান অভিযোগের মধ্যে রয়েছে:
-
সমস্ত বিভাগেই শিক্ষক, রেসিডেন্ট ও টিউটর পদে ঘাটতি (AEBAS উপস্থিতি রিপোর্ট অনুযায়ী)।
-
প্রতিষ্ঠার অনুমতি সংক্রান্ত পিডিএফ অনুপস্থিত।
-
আসনসংখ্যা বৃদ্ধির অনুমতি সংক্রান্ত তথ্য ও পিডিএফ অনুপস্থিত।
-
হিস্টোপ্যাথলজি, সাইটোপ্যাথলজি ও ক্লিনিক্যাল প্যাথলজি পরীক্ষার সংখ্যা অপর্যাপ্ত।
-
MRI পরীক্ষার কোনো তথ্য নেই।
-
মাইনর ও মেজর অপারেশন থিয়েটারের সংখ্যা উল্লেখ করা হয়নি।
-
সার্জারি বিভাগের দাখিল করা তথ্য অসম্পূর্ণ, পরীক্ষার ভিডিওর লিংক নেই।
-
ফ্যাকাল্টি ডিক্লারেশন ফর্মে তথ্য অসম্পূর্ণ (যেমন: শিশু বিভাগ)।
-
শয্যা দখলের তথ্য সংখ্যায় না শতাংশে, তা স্পষ্ট নয়।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এইসব ঘাটতি ২০২৪ শিক্ষাবর্ষেও বিদ্যমান ছিল এবং সে সময় কলেজকে আর্থিক জরিমানাও করা হয়েছিল। এবারের অনিয়ম পুনরায় প্রমাণিত হওয়ায়, চূড়ান্ত সিদ্ধান্তের আগে কলেজ কর্তৃপক্ষকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো উত্তর না পেলে, কলেজের বিরুদ্ধে মেডিক্যাল শিক্ষার মান রক্ষার ২০২৩ বিধির অধীনে কড়া ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে প্রতিটি লঙ্ঘনের জন্য এক কোটি টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে।
