খুন
‘ফ্যামিলি ম্যান ৩’-এর অভিনেতা রহস্যজনক মৃত্যুর কবলে, মৃতদেহ উদ্ধার ঝর্নার ধারে
ডিজিটাল ডেস্কঃ গুয়াহাটির গড়ভাঙ্গা অভয়ারণ্য এলাকা থেকে উদ্ধার হল ‘ফ্যামিলি ম্যান ৩’-খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের নিথর দেহ। রবিবার সন্ধ্যায় একটি ঝর্নার কাছে পড়ে থাকতে দেখা যায় তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিতের শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু বলেই মনে করছে তদন্তকারীরা। পরিবার পক্ষ থেকে খুনের অভিযোগ উঠেছে।
রোহিত কিছুদিন আগেই মুম্বই থেকে নিজের রাজ্য অসমে ফেরেন। রবিবার দুপুরে বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর থেকে নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় পর যোগাযোগ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। ওই দিন সন্ধ্যায় রোহিতের এক পরিচিত ব্যক্তি ফোন করে জানান, গড়ভাঙ্গা এলাকায় একটি ঝর্নার ধারে তাঁর দেহ পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ আট থেকে আশি সবাই খুশি ১৪ বছর বয়সেই ভাঙলো এক গুচ্ছ রেকর্ড
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রোহিতের পরিবারের সদস্যরা। রোহিতকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেখানেও মাথা ও শরীরে গভীর আঘাতের প্রমাণ মিলেছে।
রোহিতের পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, কিছুদিন আগে পার্কিং সংক্রান্ত এক বিবাদে জড়িয়েছিলেন রোহিত, যেখানে কয়েকজন তাঁকে খুনের হুমকি দিয়েছিল। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর, ধর্ম বাসফোর এবং এক স্থানীয় জিমের মালিক অমরদীপ। পরিবারের দাবি, অমরদীপের ডাকেই রোহিত সেদিন বাইরে বের হন।
পুলিশ জানিয়েছে, রোহিতের যেসব বন্ধুদের নাম উঠেছে, তারা আপাতত গা ঢাকা দিয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীদের একাংশ মনে করছেন, ঘটনাটি নিছক দুর্ঘটনা না-ও হতে পারে। ‘ফ্যামিলি ম্যান ৩’ মুক্তির অপেক্ষায় থাকলেও এই আকস্মিক মৃত্যুই এখন শোকের ছায়া ফেলেছে রোহিতের পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের মধ্যে।
