উত্তর দিনাজপুর
রায়গঞ্জ-বারসই সড়ক নির্মাণ কাজ শুরু: প্রকাশিত DPR, বরাদ্দ ১.৮৪ কোটি
অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রায়গঞ্জ-বারসই সংযোগ সড়কের কাজ। সম্প্রতি প্রকাশিত Notice Inviting Tender (NIT)-এর মাধ্যমে জানা গেছে, এই প্রকল্পের Detailed Project Report (DPR) প্রস্তুতিতে সরকার বরাদ্দ করেছে ১ কোটি ৮৪ লক্ষ ৬২ হাজার টাকা।
উল্লেখযোগ্য যে, কংগ্রেস আমল থেকেই এই রাস্তাটি নির্মাণের দাবি জানিয়ে আসছে রায়গঞ্জবাসী। রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক প্রাণকেন্দ্র হলেও, ভৌগোলিকভাবে বিহার সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। নাগর নদীর অপর পাড়ে শুরু বিহার রাজ্য, যা রায়গঞ্জ থানার আওতাধীন বাহিন জমিদার বাড়ির পাশ দিয়েই বিস্তৃত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এই রাস্তাটি দুই রাজ্যের মধ্যে যাতায়াত এবং আর্থিক উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। বিশেষ করে, রায়গঞ্জ রেলস্টেশন থেকে অনেক দূরপাল্লার ট্রেন না থাকায় যাত্রীরা বাধ্য হন বিহারের বারসই স্টেশনের উপর নির্ভর করতে, যেখানে প্রায় সব রুটের ট্রেন উপলব্ধ।
এর আগেও ২০১৮-১৯ অর্থবর্ষে এই সড়ক নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলেও, তা বাতিল হয়ে যায় অজানা কারণে। অবশেষে ফের একবার প্রকাশিত DPR-এ আশার আলো দেখছেন সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে এবং এই বহু প্রতীক্ষিত সংযোগ সড়ক বাস্তবে রূপ নেবে।
