রাজনীতি
৮ এপ্রিল মনোনয়ন পেশ মমতার! কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মেগা মিছিলের প্রস্তুতি
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) বাদ্যি বেজে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন পর্ব (Nomination Process)। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ভবানীপুর আসনের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building) গিয়ে তিনি নিজের প্রার্থীপত্র দাখিল করবেন।
২০২৬-এর নির্বাচনকে (Election 2026) পাখির চোখ করে বর্তমানে উত্তরবঙ্গে ঝোড়ো প্রচার (Stormy Campaign) করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচার সারবেন তিনি। সম্ভবত ৮ তারিখ সকালেই তিনি কলকাতায় ফিরবেন এবং ওই দিনই কালীঘাট ব্রিজ থেকে এক বিশাল মিছিল (Procession) করে সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা দেবেন। মনোনয়ন পেশের দিন বড়সড় শক্তি প্রদর্শনের (Show of Strength) প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির।
অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেলায় জেলায় ঘুরে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোর (Development Projects) খতিয়ান তুলে ধরছেন। এছাড়া শিখ ও জৈন-সহ একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের (Communities) প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকের পরিকল্পনা করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
নির্বাচন কমিশনের সময়সূচী অনুযায়ী, প্রথম দফায় যে আসনগুলোতে ভোট হবে, সেখানে প্রার্থীদের মনোনয়ন জমা করার শেষ দিন ৬ এপ্রিল এবং স্ক্রুটিনি (Scrutiny) হবে ৭ এপ্রিল। দ্বিতীয় দফার প্রার্থীদের মনোনয়ন পেশ করার শেষ তারিখ ৯ এপ্রিল এবং স্ক্রুটিনি হবে ১০ এপ্রিল। মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার প্রার্থীদের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যেই নিজের মনোনয়ন পেশ করবেন। মনোনয়ন প্রত্যাহার (Withdrawal) করার শেষ দিন দ্বিতীয় দফার জন্য ১৩ এপ্রিল ধার্য করা হয়েছে।


