পাকিস্তান
জান্নাতের লোভ দেখিয়ে জইশের নতুন প্রচার! মহিলা জঙ্গি তৈরির কোর্স চালু করল জঙ্গি জইশ
ডিজিটাল ডেস্কঃ ‘ডিরেক্ট জন্নত (Direct Jannat)’-এর প্রলোভন দেখিয়ে পাকিস্তান (Pakistan) জুড়ে মহিলা জঙ্গি তৈরির কাজ শুরু করেছে কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed)। সংগঠনের প্রধান মাসুদ আজহার (Masood Azhar) ঘোষণা করেছে, দেশের প্রতিটি জেলায় শুরু হবে বিশেষ সন্ত্রাসবাদী প্রশিক্ষণ কোর্স (Terror Training Course)—যা শুধু মহিলাদের জন্য।
সূত্র অনুযায়ী, এই কোর্স চলবে ১৫ দিন ধরে। প্রশিক্ষণ শিবিরে মহিলাদের শেখানো হবে সংগঠনের মতাদর্শ ও সন্ত্রাসমূলক কাজের কৌশল। তবে শিবিরে কঠোর নিয়ম আরোপ করা হয়েছে—কোনও অংশগ্রহণকারী মহিলা অচেনা পুরুষের সঙ্গে কথা বলতে পারবেন না। ফোন, WhatsApp, বা Messenger-এর মাধ্যমে যোগাযোগও সম্পূর্ণ নিষিদ্ধ।
জইশ দাবি করছে, যারা এই কোর্সে যোগ দেবে এবং সংগঠনের হয়ে কাজ করবে, মৃত্যুর পর তারা “সরাসরি জন্নতে (Jannat)” যাবে। এই প্রলোভন দেখিয়ে পাকিস্তানের বিভিন্ন জেলায় স্থানীয় মহিলাদের নিয়োগের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
এমন সন্ত্রাসী প্রচারণা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি নেটওয়ার্ককে আরও সম্প্রসারিত করার নতুন কৌশল।
প্রসঙ্গত, ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদূর (Operation Sindoor)-এর সময় বাহওয়ালপুরে (Bahawalpur) জইশের ঘাঁটি ধ্বংস হয়। সেই অভিযানে মাসুদ আজহারের ছোট বোনের স্বামী ইউসুফ নিহত হন। এবার সেই ইউসুফের বিধবা স্ত্রীকেই জইশের মহিলা শাখার (Women’s Wing) প্রধান করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মাসুদ আজহারের এই নতুন পদক্ষেপকে বিশেষজ্ঞরা বলছেন, “সন্ত্রাসবাদের নতুন রূপ”—যেখানে ধর্মীয় প্রলোভনকে কাজে লাগিয়ে মহিলাদের ব্যবহার করা হচ্ছে চরমপন্থার অস্ত্র হিসেবে।


