ভাইরাল খবর
নতুন করে পরীক্ষায় বসার আবেদন খারিজ, ‘দাগি’ প্রার্থীদের ভর্ৎসনা হাইকোর্টের
ডিজিটাল ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (SSC) দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে চাকরি হারানো প্রার্থীদের একাংশ ফের নতুন করে নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, নিয়োগ তালিকা ‘অস্বচ্ছ’ পদ্ধতিতে তৈরি হয়েছে, তাই তাঁদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে জানিয়ে দিল—এটি এসএসসি-র তালিকায় হস্তক্ষেপ করার উপযুক্ত মামলা নয়।
আসন্ন ৭ ও ১৪ সেপ্টেম্বর হতে চলা নতুন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়েছিলেন প্রায় ৩০০ জন ‘দাগি’ (Tainted) প্রার্থী। বিচারপতি সৌগত ভট্টাচার্য (Justice Saugata Bhattacharyya) স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। শুধু তাই নয়, আদালত তাঁদের ভর্ৎসনাও করে জানায়—সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকা সত্ত্বেও তাঁরা দেরিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলাকারীদের পক্ষে আইনজীবী অনিন্দ্য লাহিড়ি (Anindya Lahiri) যুক্তি দেন, তাঁদের মক্কেলরা ‘সাদা খাতা’ জমা দেননি এবং অন্তত একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, তাই তাঁদের দাগি বলা যায় না। কিন্তু এসএসসি-র পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, সিবিআইয়ের (CBI) তদন্তে ওএমআর শিট কারচুপি এবং র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার প্রমাণ মিলেছে।
শেষপর্যন্ত হাইকোর্ট জানিয়ে দেয়—অযোগ্যদের তালিকা নিয়ে তারা কোনও রকম হস্তক্ষেপ করবে না। ফলে প্রার্থীদের আদালত থেকে বড় ধাক্কা খেতে হল।


