ভাইরাল খবর
কাজের চাপে অসুস্থ BLO, রায়গঞ্জের শিক্ষকের হাসপাতাল ভর্তি
ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে চলছে এসআইআর (SIR) প্রক্রিয়া, যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন বিএলওরা (BLO)। প্রচুর অতিরিক্ত চাপের অভিযোগে বহু জেলায় ক্ষোভ ও অসুস্থতার ঘটনা সামনে এসেছে। এবার একই ছবি ধরা পড়ল রায়গঞ্জ ব্লকে। রায়গঞ্জ ব্লকের গোয়ালদহ জুগিয়ামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণপদ সরকার, যিনি কসবা মহেশোরের ২০৬ নম্বর বুথে BLO হিসেবে দায়িত্ব পালন করছিলেন, অতিরিক্ত চাপের ফলে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি কাজের বাড়তি চাপ ও অবসাদ (Depression)—এ ভুগছিলেন। বুধবার দিনভর কাজ শেষে রাতে হেমতাবাদের দিকে যাওয়ার পথে আচমকা পড়ে যেতে গেলে স্থানীয়রা দ্রুত তাকে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Primary Health Centre) ভর্তি করেন। পরে সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Medical College & Hospital)। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতালের শয্যা থেকেই কৃষ্ণপদবাবু জানান, তিনি দীর্ঘদিন ধরে সুগার (Diabetes), প্রেসার (Blood Pressure) এবং হার্টের সমস্যা (Heart Disease)–র রোগী। এর মধ্যেই অতিরিক্ত দায়িত্বের চাপ তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছে। বিষয়টি তিনি প্রশাসনকেও জানানোর পরেও কাজের চাপ কমেনি।
কৃষ্ণপদবাবুর স্ত্রী তাপসী সরকার জানান, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে কাজ করতে হচ্ছিল। টানা দায়িত্ব সামলাতে সামলাতেই বুধবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। খবর পেয়ে এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজে অসুস্থ শিক্ষককে দেখতে পৌঁছান উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন আলী। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনিক পর্যায়ে আলোচনার আশ্বাস দেন।


