ভাইরাল খবর
“বিজেপির পাশবালিশ না হয়ে সোজাসুজি দলেই যোগ দিন”! ২১ জুলাইয়ের মঞ্চে তোপ মমতার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) পর দলীয় বিভাজনের আবহে প্রথম ২১ জুলাইয়ের (21 July) কর্মসূচিতে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) সভা থেকে বিজেপি (BJP) এবং দলত্যাগী নেতাদের বিরুদ্ধে সরব হন তিনি।
সভামঞ্চ থেকে মমতা অভিযোগ করেন, রাতের অন্ধকারে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের তার কেটে দেওয়া এবং মঞ্চে ভাঙচুরের চেষ্টা করা হয়েছিল। এই অভিযোগ তুলে বিজেপিকে ‘তারকাটা পার্টি’ বলে কটাক্ষ করেন তিনি।
দল ছেড়ে অন্য শিবিরে যাওয়া নেতাদের নিয়েও কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, মাত্র দু’মাসও অপেক্ষা করতে না পেরে অনেকে দল ছেড়েছেন। তাঁর দাবি, এই দলবদল তৃণমূলের জন্য ক্ষতি নয়, বরং শুদ্ধিকরণ (Purification)। মমতার বক্তব্য, “বিজেপির পাশবালিশ হয়ে না থেকে সাহস থাকলে সরাসরি যোগ দিন।” তিনি জানান, ফাঁকা জায়গা পূরণ করবে দলের ছাত্র ও যুব কর্মীরা।
বিজেপির বিরুদ্ধে আগামী দিনে আরও বড় আন্দোলনের ইঙ্গিত দিয়ে মমতা বলেন, তিনি রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁর কথায়, তাঁকে আটকানোর জন্য যত বাধাই আসুক, তাঁর কাছে একাধিক পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে একই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলত্যাগীদের আর দলে না ফেরানোর আবেদন জানান। তিনি বলেন, বিজেপির কাছে ক্ষমতা ও প্রশাসন থাকতে পারে, কিন্তু মানুষের সমর্থন নেই।
সভায় প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিরোধী শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানান। কল্যাণ নাম না করে প্রতিপক্ষ শিবিরের একাধিক নেতাকে নিশানা করেন।
এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির থেকেও পাল্টা আক্রমণ এসেছে। মদন মিত্র মমতা ও অভিষেককে চ্যালেঞ্জ জানিয়ে নিজের শিবিরে আসার আহ্বান জানান।
সব মিলিয়ে এবারের ২১ জুলাই শুধু শহিদ স্মরণ নয়, তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত ও নতুন রাজনৈতিক সমীকরণের প্রকাশ্য মঞ্চ হয়ে উঠেছে।
