ভাইরাল খবর
পশ্চিমবঙ্গে ইউসিসি কমিটি গঠন! ৯ সদস্যের প্যানেলে কারা রয়েছেন?
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code-UCC) কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রস্তাবিত ইউসিসি (UCC) খসড়া বিলের (Draft Bill) বিস্তারিত পরীক্ষা, বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের (High-Level) কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপালের অনুমোদনের পর এই কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস (IAS) অফিসার দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ (Convenor), অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, অধ্যাপিকা ড. রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী (Advocate) ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্য।
সরকার জানিয়েছে, এই কমিটি বর্তমানে প্রচলিত ব্যক্তিগত ও পারিবারিক আইন (Personal Laws) খতিয়ে দেখবে। বিবাহ (Marriage), বিবাহবিচ্ছেদ (Divorce), ভরণপোষণ (Maintenance), উত্তরাধিকার (Inheritance), দত্তক গ্রহণ (Adoption) এবং লিভ-ইন সম্পর্ক (Live-in Relationship)-সহ একাধিক বিষয়ে বিদ্যমান আইনের সঙ্গে প্রস্তাবিত বিলের তুলনামূলক পর্যালোচনা করা হবে। পাশাপাশি সামাজিক, সাংবিধানিক (Constitutional) ও প্রশাসনিক (Administrative) প্রভাব নিয়েও সুপারিশ দেবে কমিটি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের ইউসিসি খসড়া বিল তৈরির ক্ষেত্রে গুজরাত, উত্তরাখণ্ড এবং অসমের সংশ্লিষ্ট আইন ও প্রস্তাবিত কাঠামোকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তাঁর বক্তব্য, ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে সমগ্র রাজ্যের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের পর আগামী বিধানসভা অধিবেশনে ইউসিসি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই কমিটির রিপোর্ট ভবিষ্যৎ আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
