ভাইরাল খবর
‘যেখানে হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা’! চিকিৎসক দিবসে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর
ডিজিটাল ডেস্কঃ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস (National Doctors’ Day) উপলক্ষে কিংবদন্তি চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) শুভেন্দু অধিকারী। বুধবার স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে একদিকে যেমন তিনি চিকিৎসকদের কুর্নিশ জানান, তেমনই অন্য দিকে নাম না করে পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ (Attack) শানান। খানিকটা আক্ষেপের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক পশ্চিমবঙ্গ (West Bengal) নির্মাণে বিধান রায়ের অবদান অনস্বীকার্য হলেও, বিগত সরকারের আমলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জ্যোতি বসুর (Jyoti Basu) একটি পুরনো মন্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, “জ্যোতি বসু একসময় বলেছিলেন, ‘যেখানেই হাত দিচ্ছি, সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।” আর আমি বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে বলতে বাধ্য হচ্ছি, যেখানে হাত দিচ্ছি, সেখানেই বিগত সরকারের ধ্বংসলীলা দেখতে পাচ্ছি।” তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের হাসপাতালগুলির (Hospitals) এই বেহাল দশা ও লাগামছাড়া দুর্নীতি কি কাম্য ছিল? বাংলার চিকিৎসকদের মেধা বিশ্বমানের হওয়া সত্ত্বেও কেন মানুষকে চিকিৎসার জন্য ভিনরাজ্যে যেতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
এদিন চিকিৎসক দিবস মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন (Inauguration) করেন। গর্ভবতী মহিলা ও নবজাতকদের জন্য ২০০টি অতিরিক্ত অ্যাম্বুল্যান্সের (Ambulance) ফ্ল্যাগ অফ করা হয়। এছাড়া, সরকারি হাসপাতালগুলিতে কড়া নজরদারির জন্য একটি অত্যাধুনিক কন্ট্রোল রুম (Control Room) ও হেল্পলাইন নম্বরের সূচনা করেন তিনি। এই অনুষ্ঠানেই বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘ডাঃ বিধানচন্দ্র রায় মাল্টিস্পেশালিটি হাসপাতাল’ রাখার বড় ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বর্তমান বিজেপি (BJP) সরকারের আমলে চিকিৎসায় কোনো ‘আমরা-ওরা’ বা রাজনৈতিক সংকীর্ণতা বরদাস্ত করা হবে না।
